সাগরসৈকতে বছরের শেষ সূর্যকে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ বছরটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি আরও একটি ভালো খবর চারপাশে ঘুরপাক খাচ্ছে। সম্ভবত কিছুদিনের মধ্যে একজনের হাত ধরে বিদেশে পাড়ি জমাতে হবে। তাই বছরের শেষ সূর্যটাকে এত বেশি সুন্দর লাগছে।’সূর্যকে হাতের মুঠোয় নিয়ে ছবি তুলতে তুলতে বলছিলেন ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইশরাত জাহান। ইশরাত গতকাল শুক্রবার শেষ বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যটার হারিয়ে যাওয়া দেখছিলেন মগ্ন হয়ে। চোখে ঝিলিক দিচ্ছিল নতুন সম্ভাবনায় ভরা আগামীর স্বপ্ন। পুরোনো বছরকে বিদায় এবং নতুনকে বরণ করে নিতে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে সমাগম ঘটেছিল এ রকম হাজারো মানুষের। সন্ধ্যায় সৈকতে দাঁড়িয়ে লাল আভা ছড়িয়ে অস্তাচলে যাওয়া বছরের শেষ সূর্যকে বিদায় জানায় তারা। পুরোনো বছরের দুঃখ-বেদনা-ব্যর্থতার গ্লানি পেছনে ফেলে নতুন বছরটা যেন সবার জন্য সুখের হয়—এই প্রত্যাশা ছিল প্রত্যেকের।২০১০-এর শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে নানাভাবে ব্যস্ত ছিল সবাই। কেউ ছবি তুলে, কেউ সাগরে ঝাঁপাঝাঁপি করে, আবার কেউবা সৈকতের নির্জন কোণ আর ঝাউবাগানের ছায়ায় একান্তে দিনটি কাটিয়ে দেন। এভাবেই এক সময় দিগন্তে ডুব দেয় সূর্য। নেমে আসে সন্ধ্যা। শুরু হয় নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব।বাংলাদেশে ‘থার্টি ফার্স্ব নাইট’ হিসেবে পরিচিত হয়ে ওঠা ‘নিউ ইয়ার্স ইভ’ উদ্যাপন উপলক্ষে টেলিভিশন চ্যানেল এনটিভি সৈকতে বিচ কনসার্টের আয়োজন করে। তারকামানের হোটেল সি-গাল, সি-প্যালেস, প্রাসাদ প্যারাডাইস, মোটেল লাবণীসহ ১০-১৫টি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজন করে ব্যান্ডসংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সৈকত ও হোটেল-মোটেলে পর্যটক ও স্থানীয় মানুষের নিজস্ব ঘরোয়া আয়োজন তো ছিলই। হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, কক্সবাজার শহরে এবার নববর্ষ উপভোগ করতে এক লাখ ২০ হাজারের মতো পর্যটকের সমাগম ঘটেছে। অতীতে কোনো সময় একসঙ্গে এত বেশি লোক কক্সবাজারে আসেনি। শহর ও সৈকতের আশপাশের ২৫০-এরও বেশি হোটেল-মোটেল-গেস্টহাউসের কোনোটিতে কোনো খালি কক্ষ ছিল না। বহু পর্যটক থাকার জায়গা না পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি, স্টেডিয়াম ও অফিসে পর্যন্ত আশ্রয় নিচ্ছেন।নোয়াখালী থেকে আসা কলেজছাত্র রাজ্জাকুল ইসলাম বলেন, ‘নানা সংকটের মধ্যেও বছরটা ভালোই কেটেছে। নতুন বছরটাও সবার ভালো কাটবে—এই প্রত্যাশা করছি।’ঢাকা সিটি কলেজের ছাত্র ইমরান বলেন, ‘আগামী বছরটায় আমরা হরতাল, সংঘাত ও হানাহানিমুক্ত এবং শান্তির দেশ দেখতে চাই।’কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) নিবাস চন্দ্র মাঝি বলেন, সৈকতে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপন উপলক্ষে পুলিশ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। দুই শর বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যা থেকে সৈকতে নামার মূল ফটকে চৌকি বসিয়ে লোকজনের শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়। তিনি আশা প্রকাশ করেন, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে শুরু হবে নতুন বছর।