সাগরে আট ঘণ্টা যুদ্ধের পর বেঁচে যান পাঁচ নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাত। সাগরে প্রচণ্ড ঝড়। হঠাত্ উত্তাল ঢেউয়ের মুখে আমাদের জাহাজের এক দিক ৪৫ ডিগ্রি কাত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন অচল হয়ে পড়ে। ততক্ষণে চারদিকে ঘুটঘুটে অন্ধকার। একপর্যায়ে ক্যাপ্টেন পরিত্যক্ত ঘোষণা করেন জাহাজটি। আর আমরা লাইফ জ্যাকেট পরে দ্রুত প্রস্তুতি নিতে থাকি। জাহাজ থেকে ফেলে দিই লাইফ র্যাফট। ক্যাপ্টেন সাহস জুগিয়ে চিত্কার করেন, জাম্প, জাম্প।’ মৃত্যুর কাছ থেকে ফিরে আসা নাবিক মো. ওসমান এভাবেই বলছিলেন সেদিনের ভয়ংকর অভিজ্ঞতার কথা। মো. ওসমানসহ এমভি হোপ জাহাজের উদ্ধার হওয়া পাঁচ নাবিক আজ সোমবার সকালে চট্টগ্রামে পৌঁছে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই পাঁচ নাবিককে নিয়ে এমভি বাক্সমুন জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভিড়ে রোববার রাত পৌনে নয়টায়। এরপর আজ সকালে বহির্নোঙর থেকে একটি লাইটার জাহাজে করে তাঁদের আনা হয় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে। সেখানেই প্রথম তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন। এরপর পাঁচ নাবিককে প্রাথমিক চিকিত্সার জন্য ভর্তি করা হয় নগরের ন্যাশনাল হাসপাতালে।হাসপাতালে চিকিত্সাধীন ওসমান বলেন, লাইফ র্যাফট ধরে সাগরে তাঁরা ১২ জন ভাসছিলেন। তীব্র স্রোতের টানে সেটিও ঘণ্টা চারেক পর উল্টে যায়। জ্ঞান থাকা পর্যন্ত সাত-আট ঘণ্টা সাগরে তাঁকে যুদ্ধ করতে হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে কথা বলতে বলতে অঝোরে কেঁদে উঠছিলেন ওসমান। জীবন বাঁচাতে নিখোঁজ সহকর্মীদের আকুতির কথা আসতেই মুখে আটকে যাচ্ছিল তাঁর কথা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নাবিকেরা যখন আজ সকালে কর্ণফুলী নদীর ঘাটে প্রিয়জনের সান্নিধ্যে আসেন, তখন সেখানে এক হূদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে বিমর্ষ হয়ে যান নাবিকেরা। কেউ কেউ স্বজনদের জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন।উদ্ধার হওয়া নাবিক সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত বুধবার রাত ১২টার দিকে আন্দামান সাগর উত্তাল হয়ে ওঠে। তখন জাহাজে চারজন দায়িত্বরত ছিলেন। প্রচণ্ড ঝড় হচ্ছিল, সঙ্গে বৃষ্টি। পরিস্থিতি দেখে ক্যাপ্টেন আশপাশের জাহাজে বার্তা পাঠাচ্ছিলেন। রাত প্রায় একটা-দেড়টার দিকে সাগরে ঝাঁপ দিই আমরা। সাগরে লাইফ র্যাফটে ১২ জনের মধ্যে জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকারও ছিলেন। তবে স্রোতের টানে উল্টে যাওয়ার পর আবু বকর ছাড়া সবাই ছিটকে পড়েন। পানিতে তখন সবাই বাঁচাও বাঁচাও করে চিত্কার করছিলেন।’নাবিক মো. ওসমান বলেন, ‘সাগরে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করার সময় পানি খেতে ইচ্ছে হচ্ছিল। মুখ হাঁ করে বৃষ্টির পানি খেয়ে পিপাসা মিটাই।’ জাহাজের চতুর্থ প্রকৌশলী আবদুল হাকিম বলেন, ‘সাগরে যুদ্ধ করার পর যখন এমভি বাক্সমুন আমাদের উদ্ধার করে, এরপর কিছুই আর মনে করতে পারছিলাম না। জ্ঞান ফেরার পর দেখি বাক্সমুনের নাবিকেরা আমাদের সেবা-শুশ্রূষা করছে।’উদ্ধার হওয়া নাবিকেরা এখন হাসপাতালে চিকিত্সাধীন। ন্যাশনাল হাসপাতালের চিকিত্সক মাহমুদ শাহ আবরার সাংবাদিকদের বলেন, ‘নাবিকদের পেটে লবণাক্ত পানি ঢুকেছে। এ কারণে রক্তচাপ বেড়ে গেছে। ছোটখাটো কাটাছেঁড়া আছে। আশা করি, এক দিন পরই তাঁরা হাসপাতাল ছেড়ে যেতে পারবেন।’প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছাকাছি আন্দামান সাগরে কাত হয়ে আংশিক ডুবে যায় এমভি হোপ। জাহাজের ১৭ জন নাবিকের মধ্যে প্রথম দিন ছয়জন ও পরে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার হয় দুজনের। এখনো নিখোঁজ রয়েছেন ছয়জন নাবিক।জীবিত উদ্ধার হওয়া অন্য চারজন নাবিক থাইল্যান্ডে চিকিত্সাধীন আছেন। মৃত উদ্ধার হওয়া দুই নাবিকের মৃতদেহের ময়নাতদন্ত শেষে শিগগিরই দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।জাহাজমালিকের মুখপাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলো ডটকমকে জানান, নিখোঁজ ছয় নাবিকের খোঁজে এখন সীমিত আকারে উদ্ধার অভিযান চলছে। তাঁদের না পাওয়া পর্যন্ত স্থানীয় নৌযানের সাহায্যে উদ্ধার অভিযান চলবে।