সাগরে গভীর নিম্নচাপ, তিন নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির কারণে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি কার্যত স্থির থেকে একই এলাকায় অবস্থান করছিল। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি আরও জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা অথবা রাতে পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপকেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি: এদিকে আগামী তিন দিন সরকারি ছুটির দিনসহ সার্বক্ষণিক উপকূলীয় জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগকালীন সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে। নিয়ন্ত্রণকক্ষের তদারকি কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ের উপসচিব মুনীর চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) পরিচালনা বোর্ডের সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গতি পরিবর্তন করে বাংলাদেশের দিকে অগ্রসর হলে চার নম্বর সতর্কতা সংকেত দেওয়া হবে।সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মোখলেছুর রহমান বলেন, চার নম্বর সংকেত দেওয়া হলে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সিপিপির স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখতে হবে এবং নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করতে হবে। জলোচ্ছ্বাসের কারণে বেড়িবাঁধগুলো রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবহাওয়া বার্তায় জোয়ারের পানির সম্ভাব্য উচ্চতার বিষয়টি সুস্পষ্টভাবে জনগণকে জানাতে হবে।সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তর, রেড ক্রিসেন্টের কর্মকর্তাসহ সিপিপি পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।