সাগরে গোসল করতে নেমে ছাত্রের মৃত্যু
সেন্ট মার্টিনে সমুদ্রে গোসল করতে নেমে আজ সোমবার বিকেলে ঢাকা সিটি কলেজের সাখাওয়াত হোসেন জিতু (২১) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিন ছাত্রকে উদ্ধার করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়।উদ্ধার হওয়া অন্য তিন ছাত্র হলেন, ওমর ফেরদৌস (২১), সানসারদীন আল শামস (২১) ও আশরাফুল হক রায়হান ওরফে অলিক (২১)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকালে ঢাকা সিটি কলেজের চার শিক্ষক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শেষ বর্ষের ১৫২ শিক্ষার্থী টেকনাফ থেকে জাহাজে করে সেন্ট মার্টিনে যান।বিকেল তিনটায় শিক্ষকসহ ছাত্রছাত্রীরা দ্বীপের পশ্চিম পাশে সৈকতে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে চার ছাত্র সাগরে ভেসে যান। স্থানীয় জেলেরা ১০ থেকে ১৫ মিনিট সাগরে তল্লাশি চালিয়ে চারজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলে মারা যান সাখাওয়াত হোসেন জিতু।উদ্ধার হওয়া ওই তিন ছাত্রকে সেন্ট মার্টিন দ্বীপ থেকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে পাঁচটায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা মোজাফ্ফর আহমদ জানান, হাসপাতালে আনার আগেই সাখাওয়াত মারা যায়। অন্য তিনজনকে নিয়ে দুই শিক্ষক হাফিজুল ইসলাম ও মোশাররফ হোসেন কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।টেকনাফ ত্যাগের আগে (টেকনাফ হাসপাতালে) শিক্ষক হাফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের হতাহতের ঘটনা তাঁদের পরিবারের সদস্যদের মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাশেম জানান, সাগরে নেমে অসাবধানতার কারণেই বিপদ নেমে আসে। সম্ভবত এই চার ছাত্রের সাঁতার জানা ছিল না।