সাগরে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীর সার্ফিং পয়েন্টে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিখোঁজ হয়েছেন।নিখোঁজ হওয়া ওই ছাত্রের নাম রিফাত (২২)। তিনি সিলেটের বেসরকারি লিডিং বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। আজ বিকাল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের পাঁচজন ছাত্র সৈকতের সার্ফিং পয়েন্টে গোসল করতে নামেন। তাঁরা হলেন: রিফাত (২২), তোফায়েল আলী (২২), রুমেল আহমদ (২০), সাকের উদ্দিন (২২) ও পলাশ (২১)। ওই সময় সাগর প্রচণ্ড উত্তাল ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বিশাল একটি ঢেউ ছাত্রদেরকে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় নিখোঁজ হওয়া পর্যটকদের উদ্ধার তত্পরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা ইয়াসির লাইফ গার্ড স্টেশনের ডুবুরিরা আধাঘণ্টা সাগরে তল্লাশি চালিয়ে মুমূর্ষু অবস্থায় চার ছাত্রকে উদ্ধার করেন। ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, রিফাতের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ছাত্র তোফায়েল আলী জানান, গতকাল শুক্রবার তাঁরা পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজারে বেড়াতে আসেন।