সাগরে চোখজুড়ানো জ্বলন্ত লাভা
সে এক জ্বলন্ত লাভার স্রোত। ধোঁয়ার মতো কালো এক ধরনের কাদার মধ্যে ফুটে আছে লাল গনগনে আগুন। তা যেন কাদা আর আগুন মেশানো এক পরত। এই পরত আগ্নেয়গিরির গা থেকে গলে গলে পড়ছে সাগরে।প্রকৃতির এই ভয়াবহতার মধ্যে ফুটে আছে অকল্পনীয় সৌন্দর্য। ব্যতিক্রমী এ দৃশ্যের অবতারণা যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের বিগ আইল্যান্ডে। সেখানে কিলোয়া আগ্নেয়গিরির একটি ফাটল থেকে পড়ছে জ্বলন্ত লাভা। গত ডিসেম্বর থেকে নামা এই লাভার স্রোত গত শনিবার সাগরের সাত মাইলজুড়ে ছড়িয়ে পড়ে। এই জীবন্ত আগ্নেয়গিরির পু’উ ও’ও ফাটল থেকে ১৯৮৩ সালে লাভা নির্গত হতে থাকে, তা এখনো চলছে। কর্মকর্তারা বলছেন, ওই আগ্নেয়গিরির নতুন করে নামা লাভার স্রোত যদি সচল থাকে, তা হলে তা রোমাঞ্চ-পিয়াসী পর্যটকের জন্য দারুণ এক আকর্ষণে পরিণত হবে। অবশ্য এই আগ্নেয়গিরি অনেক আগে থেকেই পর্যটকদের টানছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরির মুখপাত্র জ্যানেট বাব বলেন, এর আগে জ্বলন্ত লাভা সাগরে এভাবে ছড়ায়নি। গত ডিসেম্বর থেকে প্রথমবারের মতো লাভার স্রোত সাগরে ছড়িয়ে পড়েছে।হাওয়াইয়ের পর্যটনবিষয়ক কর্মকর্তারা আশা করছেন, এ ধরনের তাক লাগানো দৃশ্য দেখার জন্য দর্শনার্থীদের সমাগম বাড়বে। তবে দর্শনার্থীদের মৃত্যুঝুঁকি এড়িয়ে নির্দিষ্ট স্থান থেকে এ দৃশ্য উপভোগ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।বাব বলেন, মহাসাগরে গিয়ে দেখা এই দুশ্য অবশ্য ঝুঁকিও বাড়াবে। লাভা মহাসাগরে পড়ে কালো ও কঠিন শিলায় পরিণত হয়। এসব শিলা দিয়ে নতুন দ্বীপের সৃষ্টি হচ্ছে। তবে তা যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এই লাভা অম্লীয় ও এতে আগ্নেয়গিরির কাচের কণা রয়েছে।