সাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত, আহত ১০
ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত এবং ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চরফ্যাশন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি উপজেলার নুরাবাদ ইউনিয়নে। চরফ্যাশন থানার পুলিশ ও চিকিত্সাধীন আহত জেলেরা জানান, আবদুল মালেকের মালিকানাধীন এফবি নাজমা, এফবি নাজমা-২ ও এফবি মায়ের দোয়া নামের তিনটি ট্রলার চরফ্যাশনের নুরাবাদ ঘাট থেকে সাগরের রাঙ্গাবালি সোনার চরে গত শনিবার মাছ ধরতে যায়। সেখান থেকে হাতিয়ার দিকে যাওয়ার পথে গতকাল সোনার চর ও হাতিয়ার মধ্যবর্তী সাগর এলাকায় জলদস্যুরা ট্রলারগুলোকে তাড়া করে।এফভি নাজমার মাঝি ছিদ্দিক জানান, জলদস্যুদের হামলা থেকে রক্ষা পেতে তাঁরা দ্রুত ট্রলার চালাতে শুরু করেন। একপর্যায়ে জলদস্যুরা গুলি চালায় এবং তাঁদের ধরে ফেলে। জলদস্যুরা তিনটি ট্রলারের তেল, মাছসহ মালামাল লুট করে নেয়। তাদের গুলিতে রুবেল (৩০) নামের এক জেলে ঘটনাস্থলেই নিহত হন। নিহত রুবেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার কপালভেড়া ইউনিয়নের চর শিবা গ্রামের পশুর ঢালীর ছেলে। চরফ্যাশন নুরাবাদে তাঁর শ্বশুরবাড়ি।গুলিবিদ্ধ আহত জেলেরা জানান, ঘটনার পরপর তাঁরা অন্য একটি ট্রলারের সাহায্যে চরফ্যাশন পৌঁছেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জলদস্যুরা উপজেলার বাইরে সাগরে জেলেদের ওপর হামলা করেছে। এফএ নাজমার মাঝি সিদ্দিক বাদী হয়ে একটি মামলা করেছেন।