সাগরে ডুবে শিল্পী আবিদসহ দুজনের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলীর সি-ক্রাউন পয়েন্টে গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় গোসল করতে নেমে মারা গেছেন ক্লোজআপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ার। একই ঘটনায় মারা গেছেন আবিদের সহকর্মী মোস্তাকিন (২৭)। আশিক (২৮) নামের আরও এক তরুণ নিখোঁজ রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গত বৃহস্পতিবার সকালে আহমেদ রেজাউল করিমের তত্ত্বাবধানে বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ৩০ জন কর্মকর্তা দুই দিনের সফরে কক্সবাজার আসেন। ওঠেন সৈকতের কাছে পর্যটন করপোরেশনের মোটেল শৈবালে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে মাত্রার চার তরুণ আবিদ, মোস্তাকিন, আশিক ও সোহেল সৈকতের কলাতলীর হোটেল সি-ক্রাউনের দক্ষিণ পাশের নির্জন সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরে ভাটা ছিল। চার বন্ধু ১০-১৫ মিনিট গোসল করার মুহূর্তে হঠাৎ নিখোঁজ হন। স্থানীয় রবি লাইফ গার্ড বাহিনীর কয়েকজন ডুবুরি সাগরে ঝাঁপ দিয়ে তল্লাশি শুরু করেন। ১০ থেকে ১৫ মিনিটের মাথায় ডুবুরিরা মুমূর্ষু অবস্থায় আবিদ, মোস্তাকিন ও সোহেলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। রাত আটটায় কর্তব্যরত চিকিৎসক আবিদ ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাত আটটা পর্যন্ত নিখোঁজ আশিকের সন্ধান মেলেনি। রবি লাইফ গার্ডের পরিচালক ও ডুবুরি মো. সৈয়দ নূর বলেন, ওই সৈকতে একটি গুপ্ত খালের সৃষ্টি হয়েছে। তল্লাশি অভিযান পরিচালনার সময় গুপ্ত খালের সন্ধান মিলেছে। নিখোঁজ আশিক ওই খালে আটকা পড়তে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর আবিদ জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতায় (২০০৪) প্রথম হয়েছিলেন। তবে আবিদ সবার কাছে খুব পরিচিত হয়েছেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার (২০০৫) মধ্য দিয়ে। এরপর ২০০৭ সালে প্রকাশিত হয় আবিদের গাওয়া রবীন্দ্র সংগীতের প্রথম অ্যালবাম এতো ভালোবাসি। পরেরটি ছিল আধুনিক গান ভালোবাসার প্রহর। সম্প্রতি আবিদ তাঁর তৃতীয় অ্যালবামের কাজ শুরু করেছিলেন। রবীন্দ্রসংগীতের এই অ্যালবামের নাম চূড়ান্ত করেছিলেন নব আনন্দে জাগো। প্রথম আলো বন্ধুসভার নিয়মিত সদস্য আবিদ সংগীতচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলন, ভাষা প্রতিযোগসহ প্রায় সব আয়োজনে ছিল আবিদের প্রত্যক্ষ অংশগ্রহণ। ক্লোজআপ ওয়ান অনুষ্ঠানের উপস্থাপনাসহ বেশ কিছু সংগীতবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। আবিদের জন্ম ১৯৮৬ সালের ১৮ জুলাই রাজশাহীতে। তাঁর বাবা মিজানুর রহমান খুলনা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। মা রমা রহমান রবীন্দ্রসংগীতশিল্পী।