সাগরে দুই স্কুলছাত্র নিখোঁজ
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আজ শুক্রবার সকাল ১০টায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে দুই স্কুলছাত্র। তারা হলো, কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার হাজি কালা মিয়ার ছেলে মো. মোস্তফা ( ১১) ও আবদুল হকের ছেলে মো. আরমান (১২)। তাদের সঙ্গে পানিতে ভেসে যাওয়া চার সহপাঠীকে উদ্ধার করেছেন স্থানীয় ডুবুরিরা।উদ্ধার পাওয়া চারজন একই এলাকার ইব্রাহিম (১১), মোবারক ( ১০), রিফাত (১১) ও আজিজ (১২)। তারা সবাই পাতাড়তলী কেজি স্কুলের ছাত্র বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি ও স্থানীয় ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল। মোস্তফা কামাল জানান, দুই দিন ধরে সাগর উত্তাল। আজ সকাল ১০টার দিকে শহরের পাহাড়তলী এলাকার ওই ছয়জন ছাত্র সাগরে গোসল করতে নামে। আধা ঘণ্টা পর তারা ভাটার টানে ভেসে যায়। সঙ্গে সঙ্গে ডুবুরিরা সাগরে তল্লাশি অভিযান চালান। চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বেলা দেড়টা পর্যন্ত মোস্তফা ও আরমানকে পাওয়া যায়নি। তারা শহরের পাহাড়তলী কেজি স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তারা দল বেঁধে সৈকতে নেমেছিল।সৈকত ট্যুরিস্ট পুলিশের সার্জেন্ট মৃদুল কান্তি কুরী বলেন, নিখোঁজ দুই শিশুর সন্ধানে পুলিশ সমুদ্র উপকূলে অনুসন্ধান চালাচ্ছে।