সাগরে নিখোঁজ আশিকের লাশ উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলীর সি-ক্রাউন পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ কাজী আশিক মোস্তফার (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। কাজী আশিক মোস্তফা বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা ও চিত্রশিল্পী কে জি মোস্তফার ছেলে।কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (মডেল থানা) তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় আশিকের সঙ্গে গোসল করতে নেমে মারা যান ক্লোজআপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ার (২৩) ও মুক্তাকিন মাহমুদ তুর্য (২৩)। আবিদ ঢাকার আজিমপুরের ৭২ ললিত মোহন দাশ লেনের বাসিন্দা ও আইনজীবী মিজানুর রহমানের ছেলে। আর মুক্তাকিন ঢাকার মিরপুর হাউজিং স্টাফ কোয়ার্টারের ২৭ নম্বর বাড়ির রিয়াজ উদ্দিন আহমদের ছেলে। কক্সবাজার সদর হাসপাতালে প্রয়োজনীয় কাজ সেরে তিনজনের লাশ ঢাকায় আনা হয়েছে। সৈকতের পর্যটকদের সেবায় নিয়োজিত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী জানান, ভাটার সময় নির্জন সৈকতে গোসল করতে নেমে ডুবে মারা যান বিজ্ঞাপনী সংস্থা মাত্রার এই তিন কর্মকর্তা।স্থানীয় রবি লাইফ গার্ডের পরিচালক ও ডুবুরি সৈয়দ নূর জানান, কয়েক দিন ধরে কলাতলী সৈকতে একটি গুপ্তখালের সৃষ্টি হয়েছে। এ গুপ্তখালে আটকা পড়ে তাঁদের মৃত্যু হয়।পর্যটন মোটেল শৈবালের ব্যবস্থাপক আবদুল হালিম তালুকদার জানান, গত বৃহস্পতিবার মাত্রার ৩০ জনের একটি দল দুই দিনের ভ্রমণে কক্সবাজার এসে ওই হোটেলে ওঠেন। আজ তাঁদের ঢাকায় ফেরার কথা ছিল। আবিদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা: বেলা সোয়া ১১টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আবিদের লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। তাঁকে শেষবারের মতো দেখতে এসেছিলেন শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী, গোলাম কুদ্দুস, নাট্যজন মামুনুর রশীদ, আফজাল হোসেন, আজিজুল হাকিম, জিনাত হাকিম, ক্লোজআপ ওয়ান তারকা মাহদী, সাব্বির, গীতিকার আসিফ ইকবাল, কণ্ঠশিল্পী নকিব খান এবং আবিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধবেরা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর দুপুর সোয়া ১২টার দিকে আবিদের লাশ কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর সাড়ে ১২টার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মোসাদ্দেক আলী, সংগীতশিল্পী খুরশিদ আলম, গীতিকার প্রিন্স মাহমুদ, অনুপ বড়ুয়া ক্লোজআপ তারকা রাজীব, রাশেদ, বিউটি, মেহরাব, রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।আবিদের লাশ বর্তমানে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। খুলনা শহরের মিয়াপাড়ার মেইন রোডে আবিদের বাড়িতে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হবে।