সাগরে নিখোঁজ কর্মকর্তার সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ফোনের জন্য প্রতীক্ষায় আছেন সবাই। বুধবার থেকেই বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক এ এইচ এম নুরুজ্জামানের পরিবারের সবাই বসে আছেন কাঙ্ক্ষিত সেই ফোনের অপেক্ষায়। কারণ, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি বাতিল জাহাজ (স্ক্র্যাপ) পরিদর্শনে গিয়ে সাগরে নিখোঁজ হন নুরুজ্জামান। তাঁর খোঁজে বুধবার থেকেই শুরু হয়েছে তল্লাশি। সেই খবর জানতেই ফোনের অপেক্ষায় নুরুজ্জামানের পরিবার।নুরুজ্জামান কীভাবে নিখোঁজ হলেন, সে প্রসঙ্গে পরিদর্শক দলের সদস্যরা বলেছেন, তিনি ছোট জাহাজ থেকে বড় জাহাজে উঠতে গিয়ে পা ফসকে পানিয়ে পড়ে তলিয়ে যান। তবে নুরুজ্জামানের পরিবার তা মানতে নারাজ। নুরুজ্জামানের বাবা এম এ হামিদ প্রথম আলোকে বলেন, ‘কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারে।’ তিনি সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।বরগুনার বাসিন্দা এম হামিদের তিন সন্তানের মধ্যে নুরুজ্জামান বড়। ঢাকা সেন্ট্রাল গভ. স্কুল থেকে এসএসসি ও নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করেন তিনি। কিছুদিন বিসিআইসিতে চাকরি করার পর সাত বছর আগে যোগ দেন বিস্ফোরক অধিদপ্তরে। আড়াই বছর ধরে তিনি চট্টগ্রামে দায়িত্ব পালন করছেন। স্ত্রী রাফিয়া খানম ইস্কাটনের বিয়াম স্কুলের শিক্ষিকা। একমাত্র ছেলে রাফসান কেজিতে পড়ে। রাফিয়া অন্তঃসত্ত্বা। পরিবারের সবাই থাকেন ইস্কাটনের বাসায়। গতকাল সে বাসায় কথা হয় নুরুজ্জামানের মা নূর জাহান বেগম ও স্ত্রী রাফিয়ার সঙ্গে। তাঁরা জানান, বুধবার সকালে ফোন আসে নুরুজ্জামান সাগরে পড়ে গেছেন। এরপর আর কিছুই জানেন না। রাফিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি কিছুই বুঝি না, আপনারা ওকে ফিরিয়ে দিন।’ মা বললেন, ‘শুক্রবার পারিবারিক একটি অনুষ্ঠানে ওর আসার কথা ছিল। সেই আশায় সবাই বসে ছিল। কিন্তু সে কি আর আসবে?’ কান্নায় ভেঙে পড়েন তিনি।বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নুরুজ্জামানের খোঁজে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে। পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে। বিস্ফোরক অধিদপ্তর বিষয়টি খতিয়ে দেখতে সংস্থার সিলেট অঞ্চলের পরিদর্শক শামসুল আলমকে দায়িত্ব দিয়েছে। তিনি আজ শুক্রবার থেকে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। অধিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল বাশারও গতকাল চট্টগ্রাম গেছেন।জানা যায়, গত মঙ্গলবার সকালে একটি দলের সঙ্গে তিনি ভাঙার জন্য আমদানি করা বাতিল (স্ক্র্যাপ) তেলবাহী জাহাজ (ট্যাংকার) এমটি মার প্রিন্সেস সরেজমিন পরিদর্শন করতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গিয়েছিলেন। কিন্তু লোহার সিঁড়ি (গ্যাংওয়ে) বেয়ে ওঠার সময় নুরুজ্জামান সাগরে ছিটকে পড়ে যান। তাঁর আর খোঁজ মেলেনি। এ বিষয়ে পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।বন্দরের লোকজন জানান, বাতিল তেলবাহী জাহাজে জ্বালানি তেলের বিভিন্ন ধরনের বর্জ্য ও তলানি থাকে। এক কারণে ওইসব জাহাজের খোপে (ট্যাংক) একধরনের বিষাক্ত গ্যাস তৈরি হয়। জাহাজ কাটার সময় যা থেকে বিস্ফোরণও ঘটে থাকে। বিস্ফোরক অধিদপ্তরের লোকজন বহির্নোঙরে গিয়ে জাহাজটি ভাঙার জন্য ইয়ার্ডে নেওয়ার উপযোগী কি না সে সংক্রান্ত ছাড়পত্র দেন। প্রকৌশলী এ এস এম নুরুজ্জামান এ ধরনের পরিদর্শনের জন্য জাহাজটিতে গিয়েছিলেন বলে জানা যায়।নুরুজ্জামানের সঙ্গে ওই দলে ছিলেন এমটি মার প্রিন্সেসের স্থানীয় এজেন্ট জেএআর ওয়ার্ল্ড শিপিং লাইনসের পরিচালক সৌমেন বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুল্ক কর্মকর্তা, শিপিং এজেন্ট, বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধিসহ আমাদের দলে ছিলেন ১৩-১৪ জন। স্থানীয় জাহাজ ওটি বার আউলিয়াতে করে বহির্নোঙরে যাওয়ার পর দলের বেশির ভাগ সদস্য এমটি মার প্রিন্সেসের লোহার সিঁড়ি বেয়ে ওই জাহাজে ওঠেন। নুরুজ্জামানসহ আমরা তিন-চারজন ছিলাম লাইনে। নুরুজ্জামান সিঁড়ির এক ধাপে উঠে দ্বিতীয় ধাপে পা রাখার পর কেন যেন হাত-পা ছেড়ে দিলেন। এবং ঝুপ করে সাগরে পড়ে যান।’সৌমেন আরও বলেন, ‘ওই দিন সাগর তেমন অশান্ত ছিল না। ফলে উত্তাল ঢেউয়ের কারণে সিঁড়ি থেকে ছিটকে পড়ারও কথা নয়। তারপরও কেন যে ঘটনাটা ঘটল আমরা বুঝে উঠতেই পারিনি।’সৌমেন বলেন, ‘নুরুজ্জামান পানিতে পড়ার পর মুহূর্তে আবার ভেসে ওঠেন। তাঁর মাথা দেখতে পেয়ে আমরা সেখানে ওটি বার আউলিয়া থেকে দুটি লাইফ বয়া (পানিতে পড়ে যাওয়া মানুষের ভেসে থাকার অবলম্বন) ছুড়ে মারি। একটি বয়া তাঁর মাথার কাছে পড়েছে। কিন্তু নুরুজ্জামান সেই বয়া ধরেননি। এতে মনে হচ্ছে পানিতে পড়ার আগ মুহূর্তে কোনো কারণে তাঁর হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। একজন লোক পানিতে পড়ার সঙ্গে হাত-পা ছুড়ে বাঁচার চেষ্টা চালাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু হাতের কাছে বয়া পেয়েও তিনি তা ধরেননি।’পতেঙ্গা থানার পুলিশ নুরুজ্জামানের নিখোঁজ হওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে। মামলার তদারক কর্মকর্তা (আইও) ও পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নুরুজ্জামানের সঙ্গে যাঁরা ওই জাহাজে গিয়েছিলেন, আমরা তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। কোন পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, সেটা বের করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘দুই দিন হরতালের ডিউটিতে ব্যস্ত থাকায় অনুসন্ধান শুরু করতে পারিনি। শুক্রবার থেকে এ কাজে হাত দেব।’গতকাল দুপুরে বিস্ফোরক অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে দেখা যায়, নুরুজ্জামান যে কক্ষে বসতেন তার পাশের কক্ষে সংস্থার পরিদর্শক শঙ্কর প্রসাদ পাল কাজ করছেন। তিনি প্রথম আলোকে বলেন, আড়াই বছর ধরে নুরুজ্জামান এভাবে বহির্নোঙরে গিয়ে জাহাজ পরিদর্শন করছেন। প্রথম এমন ঘটনা ঘটল।