সাগরে পাঁচ দিন ভেসে থাকার পর জেলেকে উদ্ধার
সাগরে পাঁচ দিন ভেসে থাকার পর অচেতন অবস্থায় এক জেলেকে উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সোনা মিয়া (৪২)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আজ রোববার দুপুরে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি কক্সবাজার এলাকায়।সোনা মিয়া জানান, গত বুধবার রাতে ১৫ জন জেলেসহ তাঁরা গভীর সাগরে মাছ শিকার করছিলেন। হঠাত্ ঝড়ে সাগর উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে তাঁদের ট্রলারটি ডুবে যায়। এর পর তিনি আর কিছু বলতে পারেননি।এদিকে আজ দুপুরের দিকে কলাপাড়া থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তুফাইন্যার চরসংলগ্ন সাগরে ১০-১২টি প্লাস্টিকের ফ্লোট (ভাসা) ধরে সোনা মিয়া অচেতন অবস্থায় সাগরে ভাসতে থাকেন। কলাপাড়া নীলগঞ্জ এলাকার জেলে আজিজুল ওই পথ দিয়ে উপকূলে মত্স্যবন্দর মহিপুরে আসার পথে সোনা মিয়াকে সাগরে ভাসতে দেখেন। তিনি তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহিপুরে নিয়ে আসেন। প্রথমে সোনা মিয়াকে মৃত বলে অনুমান করা হয়। পরে নিঃশ্বাস নেওয়া দেখে তাঁকে তাত্ক্ষণিকভাবে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসাহাক আলী জানান, সোনা মিয়া ডুবে যাওয়া ট্রলারটির নাম বলতে পারেননি, তবে তাঁদের ট্রলারের মালিক মনু সওদাগর বলে জানান। পুলিশ এ ব্যাপারে কক্সবাজারে খোঁজখবর নিচ্ছে বলে তিনি জানান।