সাগরে ফের বিকল হলো সেই জাহাজটি
চলাচলের ওপর স্থগিতাদেশ সত্ত্বেও আট শতাধিক যাত্রী নিয়ে সাগরে ভেসে আবারও বিকল হয়ে গেল কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটের সোনারগাঁও জাহাজটি। স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে আট শতাধিক যাত্রী নিয়ে জাহাজটি টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। আধা ঘণ্টা পর টেকনাফের জালিয়াপাড়া পৌঁছালে জাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। বেলা ১১টার দিকে জাহাজটি নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় বিকল হয়ে যায়। জাহাজে আটকে পড়া যাত্রী নারায়ণগঞ্জের মোহাম্মদ মাহমুদ জানান, তিনিসহ পরিবারের পাঁচজন এই জাহাজে করে সেন্টমার্টিনে যাচ্ছিলেন। কিন্তু পথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেই থেকে তাঁরা সমুদ্রে ভাসছেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিমুদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, রুট পারমিট না থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটের দুটি জাহাজ শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও এমভি সোনারগাঁওয়ের চলাচলের ওপর ওপর স্থগিতাদেশ দিয়েছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল থেকে এই আদেশ কার্যকর করা হয়। তার পরও কীভাবে জাহাজটি যাত্রী নিয়ে যাত্রা করল, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে।প্রসঙ্গত, প্রায় দেড় হাজার পর্যটক নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি সাগরে আটকা পড়েছিল এই জাহাজটি। ১৫ ঘণ্টা পর তা নিরাপদে টেকনাফে ফিরে। তখন পর্যটকেরা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ত্রুটিপূর্ণ জাহাজ চালু করে পর্যটকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।