সাগরে লাফিয়ে পড়ে ডুবে তিন বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে যাওয়ার পথে জাহাজ থেকে লাফিয়ে সাগরে পড়ে ডুবে তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অপর ১৪ জন নিখোঁজ রয়েছেন। জাহাজটি থেকে ৪৭ জন বাংলাদেশি লাফিয়ে পড়েছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার সন্ধ্যায় তিন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।গ্রিসের নাগরিক সুরক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি গতকাল জানায়, সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ আইওনিয়ান কিং এক হাজার ২৮৮ জন লোক (যাদের অধিকাংশই বাংলাদেশি) নিয়ে গত শনিবার রাতে লিবিয়া থেকে ক্রিট দ্বীপের সৌদা বন্দরে পৌঁছায়। এদের মধ্যে ৪৯ জন অবৈধভাবে গ্রিসে প্রবেশের চেষ্টা চালালে হতাহতের ঘটনা ঘটে।তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দাইয়ু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের দুই হাজার ৪২ জন বাংলাদেশি কর্মীকে নিয়ে লিবিয়া থেকে দুটি জাহাজ ক্রিট দ্বীপের হানিয়া দ্বীপের উদ্দেশে যাত্রা করে। এ সময় ৪৭ জন জাহাজ থেকে লাফিয়ে পড়লে তিনজন প্রাণ হারান। এ মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন।জানতে চাইলে গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আজিজুল হক মুঠোফোনে প্রথম আলোকে তিন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেশ কয়েকজন বাংলাদেশি গ্রিসে পৌঁছানোর সময় জাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়েন। এঁদের মধ্যে যারা নিখোঁজ রয়েছেন, তাঁদের উদ্ধারে গ্রিসের কোস্টগার্ড, নৌবাহিনী ও সেনাবাহিনীর হেলিকপ্টার ও নৌযান তল্লাশি অভিযান চালাচ্ছে।জানা গেছে, গতকাল ভোরে ক্রিট দ্বীপের স্থানীয় লোকজন সৌদা সমুদ্রসৈকতের কাছে কিছু লোককে সাঁতরাতে দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। এ সময় কোস্টগার্ড ৩৫ জনকে উদ্ধার করে। এঁদের মধ্যে দুজন তীরে পৌঁছানোর আগেই মারা যান। বাকিদের মধ্যে চারজনকে নৌবাহিনীর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের হানিয়া শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে শরীরের তাপমাত্রা মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় একজন মারা যান। অন্য ১৪ জন নিখোঁজ রয়েছেন।গ্রিসের কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, জাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়া ওই ৪৯ বাংলাদেশিকে দেশে পাঠানোর উদ্দেশ্যে ক্রিট দ্বীপে নেওয়া হচ্ছিল। কিন্তু দেশে ফিরতে অনিচ্ছুক ওই লোকজন সাগরে লাফিয়ে পড়ে অবৈধভাবে গ্রিসে থাকার চেষ্টা করছিল।লিবিয়া থেকে ফেরত এসেছেন আরও ৪৯৮ জন: এদিকে গতকাল লিবিয়া থেকে আরও ৪৯৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ৫৩ জন মিসর হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ ছাড়া ভাড়া করা একটি উড়োজাহাজে করে গ্রিসের ক্রিট দ্বীপ হয়ে ৪৪৫ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে পৌঁছান। লিবিয়া থেকে প্রায় ২৭ হাজার বাংলাদেশি শ্রমিক দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এঁরা মিসর, তিউনিসিয়া ও গ্রিসে অবস্থান করছেন। এঁদের মধ্যে গতকাল পর্যন্ত দেশে পৌঁছেছেন চার হাজার জন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সোমবার, মঙ্গল ও বুধবার আরও এক হাজার ৩১১ বাংলাদেশিকে তিউনিসিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হবে।