চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মাঝামাঝি বঙ্গোপসাগর থেকে গতকাল সোমবার হাত-পা বাঁধা তিনজন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আরও ২৮ জন জেলে নিখোঁজ রয়েছে বলে ট্রলারের মালিক সূত্রে জানা গেছে। জলদস্যুরা হতভাগ্য জেলেদের হাত-পা বেঁধে সাগরে ফেলে দুটি ট্রলার ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত তিন জেলে হলেন নেজাম, ইউনুস ও মতিন। তাঁদের গ্রামের বাড়ি বাঁশখালীর শেখেরখিল এলাকায়। গভীর সমুদ্র থেকে উদ্ধার করে গতকাল সন্ধ্যায় তাঁদের লাশ বাঁশখালীতে আনা হয়। লাশ আনার খবর পেয়ে বাঁশখালীর শেখেরখিল ফাঁড়ির মুখ ঘাটে শত শত মানুষ ভিড় জমিয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ প্রথম আলোকে বলেন, ‘জলদস্যুরা মাছ ধরার দুটি ট্রলার থেকে জেলে ও মাঝিমাল্লাদের হাত-পা বেঁধে সাগরে ফেলে ট্রলারসহ মাছ ও জাল লুট করে। দুটি ট্রলারে ৩০-৩২ জন জেলে ও মাঝিমাল্লা ছিলেন বলে জেলেরা জানিয়েছেন। গভীর সাগর থেকে তিন জেলের লাশ উদ্ধার করে বাঁশখালীতে আনা হয়েছে। তবে গভীর সাগরে আরও কয়েকটি লাশ ভাসছে বলে কয়েক জন মাঝি দাবি করেছেন। এ ব্যাপারে আমরা নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছি।’কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামের জেলে সৈয়দ উল্লাহ ও হাবিবুর রহমান বলেন, গতকাল দুপুরে তাঁরা গভীর সাগর থেকে বাড়ি ফেরার পথে সাগরের জাহাজখাড়ি নামক স্থানে এক রশিতে হাত-পা বাঁধা পাঁচজন এবং আরেকটু দূরে আরেক রশিতে বাঁধা আরও ছয়জনের লাশ ভাসতে দেখেন।সূত্র জানায়, গত ২৪ মার্চ বাঁশখালীর উপকূল থেকে জাফর মাঝির মালিকানাধীন আল্লার দান ও আবুল হোসেনের মালিকানাধীন আল্লার দান-২ ট্রলারে করে জেলে ও মাঝিমাল্লারা মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যান। ২৫ মার্চ যায় আবদুর রহিমের মালিকানাধীন আল-মক্কা। এর মধ্যে ২৭ মার্চ আল্লার দান-২ তিনজন জেলে নিয়ে ফিরে আসে। বাকি দুটি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। দস্যুরা জেলে ও মাঝিমাল্লাদের হাত-পা বেঁধে গভীর সাগরে ফেলে ট্রলার দুটি ছিনতাই করে। গত ২৭ মার্চ রহিম ও জাফর মাঝি বাঁশখালী থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।ট্রলারের মালিক আবুল হোসেনের ছেলে নুরুল কবির প্রথম আলোকে বলেন, ‘সাগরে লাশ ভেসে ওঠার খবর পেয়ে আমি আরও কয়েকজন সঙ্গী নিয়ে গতকাল সকালে গভীর সাগরের দিকে রওনা হই। কুতুবদিয়ার কাছে ভেসে ওঠা পরিচিত তিনজনের লাশ নিয়ে আমরা ফিরে আসি। নিহত তিনজনই আমাদের ট্রলারের মাঝিমাল্লা।’ তিনি আরও বলেন, ‘গভীর সাগরে আরও কয়েকজনের লাশ ভাসতে দেখা গেছে। সন্ধ্যা নামার আগে আমরা কেবল তিনজনের লাশ নিয়ে ফিরে আসি।’তিনজন ট্রলারমালিক জানান, তাঁদের ট্রলারের ২৮ জন মাঝিমাল্লা এখনো নিখোঁজ রয়েছেন।