সাগরেই খোঁজ মিলল নুরুজ্জামানের
অবশেষে বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক এ এইচ এম নুরুজ্জামানের লাশ উদ্ধার করেছে নৌবাহিনীর একটি তল্লাশি দল। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে কর্ণফুলী নদীর চ্যানেল থেকে ১৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। পরে নুরুজ্জামানের বাবা এম এ হানিফ লাশ শনাক্ত করেন। এম এ হানিফ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ জাহাজে করে পতেঙ্গা থানায় নিয়ে আসা হচ্ছে। জানা যায়, গত মঙ্গলবার সকালে একটি দলের সঙ্গে তিনি ভাঙার জন্য আমদানি করা বাতিল (স্ক্র্যাপ) তেলবাহী জাহাজ (ট্যাংকার) এমটি মার প্রিন্সেস সরেজমিন পরিদর্শন করতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গিয়েছিলেন। কিন্তু লোহার সিঁড়ি (গ্যাংওয়ে) বেয়ে ওঠার সময় নুরুজ্জামান সাগরে ছিটকে পড়ে যান। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।নুরুজ্জামান কীভাবে নিখোঁজ হলেন, সে প্রসঙ্গে পরিদর্শক দলের সদস্যরা বলেছেন, তিনি ছোট জাহাজ থেকে বড় জাহাজে উঠতে গিয়ে পা ফসকে পানিয়ে পড়ে তলিয়ে যান। তবে নুরুজ্জামানের পরিবার তা মানতে নারাজ। নুরুজ্জামানের বাবা এম এ হামিদ প্রথম আলোকে বলেন, ‘কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারে।’ তিনি সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।সাত বছর আগে নুরুজ্জামান বিস্ফোরক অধিদপ্তরেযোগ দেন । আড়াই বছর ধরে তিনি চট্টগ্রামে দায়িত্ব পালন করছেন।