সাগরের অম্লতায় ক্ষয়ে যাচ্ছে শামুক
সমুদ্রের পানিতে অ্যাসিড বা অম্লের মাত্রা যত বাড়ছে, এ অম্লতায় ক্ষয়ে শামুকের শক্ত খোলসও তত পাতলা হচ্ছে। অ্যান্টার্কটিকার আশপাশের সাগরে শামুকের খোলসে ক্ষতিকর এই প্রভাব লক্ষ করেছেন আন্তর্জাতিক গবেষকদের একটি দল। ‘নেচার জিওসায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষকেদের নিবন্ধের বরাত দিয়ে এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স। গবেষকেরা জানিয়েছেন, সাগরের পানিতে অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ায় শামুকের খোলস গলে গিয়ে সমুদ্রের বাস্তু-সংস্থান ও খাদ্যচক্রে নেতিবাচক প্রভাব ফেলছে। গবেষকেরা আরও জানান, প্রতি বছর বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়, এর এক চতুর্থাংশ শোষণ করে সমুদ্র। জৈব জ্বালানি ব্যবহারে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বাড়ছে সমুদ্রের পানির অম্লত্বও ততটাই বাড়ছে। এর ফলে প্রবাল, সামুদ্রিক জীবন ও সামুদ্রিক বাস্তু সংস্থানে প্রভাব পড়ে।ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে, রয়্যাল নেদারল্যান্ডস ইনস্টিটিউট, ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) ও অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকেরা অ্যান্টার্কটিকা অঞ্চলের শামুক গবেষণা করে দেখেছেন, সমুদ্রের অম্লত্ব বেড়ে গেলে শামুকের খোলস গলে যায়। খোলস গলে যাওয়ার দরুন বেশির ভাগ ক্ষেত্রেই শামুক শিকারের মুখে পড়ে এবং জখম হয়। এ শামুক মাছ ও শিকারী পাখিদের প্রিয় খাবার। শামুকের সংখ্যা কমে গেলে খাদ্যচক্রে বড় ধরনের প্রভাব পড়ে।নোয়ার গবেষক নিনা বেডনাসেক এ প্রসঙ্গে জানিয়েছেন, জীবিত শামুকের খোলস গলে যাওয়ার কারণ সমুদ্রের পানির অম্লত্ব বেড়ে যাওয়া। মানবসৃষ্ট কার্বন ডাই-অক্সাইড এর কারণ হতে পারে। নোয়ার গবেষকেরা জানিয়েছেন, সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের সময় থেকে এখন পর্যন্ত সমুদ্রের অম্লত্বের মাত্রা ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। গবেষকেরা সতর্ক করে বলেন, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়তে থাকলে আগামী শতকের মধ্যেই সমুদ্রের উপরিভাগে অম্লত্বের মাত্রা ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে যা ২ কোটি বছরের মধ্যে কখনও ঘটেনি।