সাগরের ফেসবুকের সর্বশেষ স্ট্যাটাস থেকে...
শোকে পাথর করে দিয়ে, এক বুক বেদনায় ভাসিয়ে দিয়ে চলে গেলেন সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। তাঁদের এই চলে যাওয়াটা প্রকৃতির স্বাভাবিক নিয়মে হলে মেনে নেওয়া যেত। কিন্তু অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে তাঁদের নিহত হওয়ার ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। খবরটা শুনেই সাগরের ফেসবুক পেজে যাই। সর্বশেষ ১৩ ঘণ্টা আগে ফেসবুক স্ট্যাটাস আপডেট করেছেন সাগর সরওয়ার। ‘কর্নেলকে আমি মনে রেখেছি’ শিরোনামে প্রকাশিত তাঁর একটি বই নিয়ে লেখা স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো—‘নীল পাহাড়ে ঘুরে বেড়াতে বেড়াতে এঁকে ফেলেছিলাম বইটি। পরে লিখে ফেললাম। গত বইমেলার শেষের দিকে বের করল ভাষাচিত্র। বইটি মেলাতেও আছে। ওদের স্টল নম্বর ২০০। শান্তিবাহিনী আর পাহাড়ের রাজনীতি, সেই সময় এবং এই সময়—এম এন লারমা, সন্তু লারমা—আর পাহাড়ের মানুষ এই বইয়ের চরিত্র।’আরেকটি স্ট্যাটাস এ রকম—‘এম এন লারমা ও সন্তু লারমাকে নিয়ে লেখা আমার উপন্যাস পাহাড় এবং মানবেন্দ্র নারায়ণ লারমা। কাপ্তাই লেক এবং সন্তু লারমা। জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ। বাংলাদেশ সেনাবাহিনী এবং শান্তিবাহিনী...পার্বত্য চট্টগ্রাম আন্দোলন নিয়ে আমার রাজনৈতিক উপন্যাস ‘কর্নেলকে আমি মনে রেখেছি’। প্রকাশ করেছে ভাষাচিত্র।’আরও একটি আপডেট পাওয়া গেছে, ‘আমার নতুন গল্প গ্রন্থ ‘ছুঁয়ে জোছনার ছায়া’ প্রকাশ করেছে সাম্প্রতিক। বইমেলায় পাওয়া যাবে।’সাগর, আপনি ‘কর্নেলকে আমি মনে রেখেছি’ তো লিখলেন ঠিকই। এ বইটি পড়ে পাঠক আপনাকে ঠিকই চিনে নিতেন একজন দেশপ্রেমিক নির্ভীক সাংবাদিক হিসেবে। পাঠক ঠিক জেনে নিতেন স্নেহময়ী মায়ের মতোই আপনি দেশকেও ভালোবেসেছিলেন। কিন্তু পাঠকের অন্তরে ঠাঁই করে নেওয়ার ‘সুযোগ’টি যেন চিরতরে করে দিয়ে গেল সন্ত্রাসীরা। তাদের ধারালো ছুরির আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে গেল আপনার এবং আপনার প্রিয়তমের সাজানো স্বপ্নগুলো। আপনাদের প্রাণাধিক পুত্র মেঘের স্বপ্নগুলোও উড়ে গেল বর্ণহীন ফানুসের মতো। দৈনিক যুগান্তরে সহকর্মী ছিলাম আমরা। ওদের প্রেম, বিয়ে থেকে শুরু করে সংসার জীবন শুরুর প্রায় প্রতিটি গল্পই আমার মতো আরও অনেকের জানা। এতোটা নির্মল মনের দুটি মানুষের কোনো শত্রু থাকতে পারে বলে বিশ্বাস হয় না। সাগরের মতো এতোটা বিচক্ষণ একজন সাংবাদিককে আজীবন একজন অজাতশত্রু বলেই জেনে এসেছি। বই পড়া ও লেখালেখিতে সিদ্ধহস্ত সাগরের প্রিয় বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল তেল-গ্যাস এবং পাহাড়ের মানুষের জীবন-সংগ্রামের কাহিনী। যে মানুষটি ছিলেন এ রকম বই অন্তপ্রাণ, যাঁর লেখার অধিকাংশ জুড়ে ছিল দেশ ও দেশমাতৃকার প্রতি প্রেম, সেই মানুষটিকে এমন নির্মমভাবে খুন করেছে যে বা যারা, তাদের খুনিরা ধরা পড়বে কি?