সাগুফতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন খালেদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিক মোল্লাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের পাশে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে এক যুবক নিহতের ঘটনায় আদালত এ নির্দেশ দেন।একই সঙ্গে ওই দুই কর্মকর্তাসহ পল্লবী ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের সহকারী ঠিকাদার মো. ওসমান আলীকে আগামী ২৮ জুলাই হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এ ছাড়া আদালতের নির্দেশনা অনুসারে আজ সকালে হাইকোর্টে হাজিরা দিয়েছেন সাগুফতা গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ মোল্লা। এ সময় আদালত তাঁর ব্যক্তিগত হাজির থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনটি মঞ্জুর করেন। তবে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ব্যাখ্যা জানাতে ওই দুই পুলিশ কর্মকর্তা আর ওই ঘটনায় সাগুফতা সংশ্লিষ্ট তিনজনের ভূমিকার ব্যাখ্যা জানাতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে চেয়ারম্যানের পক্ষে আইনজীবী আনিসুল হক আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। এর আগে গত ১৯ জুলাই এ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। জানা গেছে, হাবিবুর রহমান ওরফে মুন্না (২১) গত ১৬ জুলাই অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। মাকে দেখে হেঁটে আবার বাসায় ফিরছিলেন। এ সময় নির্মাণাধীন ভবন থেকে একটি ইট মাথায় পড়ে তিনি রাস্তায়ই মারা যান। তেজগাঁও কলেজ থেকে এ বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, হাসপাতালটির বাঁ পাশে সাগুফতা গ্রুপের ১৮ তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে একটি ইট তাঁর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।