সাগুফতার দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণপ্রতিষ্ঠান সাগুফতা গ্রুপের দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খালেদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিক মোল্লা।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের পাশে নির্মাণাধীন একটি ভবনের ওপর থেকে ইট পড়ে এক যুবক নিহত হন। ওই ঘটনায় ১৯ জুলাই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন। ঘটনার ব্যাখ্যা জানাতে আদালতের নির্দেশে সাগুফতা গ্রুপের চেয়ারম্যান নুর মো. মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক খালেদ জুয়েল মোল্লা গতকাল আদালতে হাজির হন।আদালতে সাগুফতার চেয়ারম্যানের পক্ষে আইনজীবী আনিসুল হক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ব্যবস্থাপনা পরিচালক লায়ন খালেদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিক মোল্লাকে অবিলম্বে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল মোল্লা, পরিচালক ওয়ালিক মোল্লা, সহকারী ঠিকাদার মো. ওসমান আলী, পল্লবী ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামীকাল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ব্যাখ্যা জানাতে ওসিদের এবং ঘটনায় নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা জানাতে সংশ্লিষ্ট তিনজনকে হাজির হতে বলা হয়। তবে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাগুফতার চেয়ারম্যান নুর মো. মোল্লাকে হাজিরা থেকে অব্যাহতি দেন। শুনানিকালে উদ্বেগ প্রকাশ করে আদালত বলেন, ‘এ ধরনের নরহত্যার মামলায় ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অথচ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও অন্য পরিচালকেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার না করায় পুলিশ “ম্যানেজড” হয়ে গেছে এমন ধারণা জন্মানো স্বাভাবিক। সমাজে দেখা যায়, ধনী ব্যক্তিরা এ ধরনের আপস-অযোগ্য গুরুতর অপরাধের পর আপসের চেষ্টা করেন। এটা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। এটা ধনী ব্যক্তিদের পয়সার বিনিময়ে বিচার কিনে নেওয়ার শামিল। এটা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। মাত্র কয়েক দিন আগে একই কারণে বগুড়ার দায়রা জজের ক্ষমতা আমরা সাময়িকভাবে তুলে নিয়েছিলাম।’প্রসঙ্গত, হাবিবুর রহমান ওরফে মুন্না (২১) ১৬ জুলাই অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। মাকে দেখে হেঁটে আবার বাসায় ফিরছিলেন তিনি। এ সময় নির্মাণাধীন ভবন থেকে একটি ইট মাথায় পড়ে রাস্তায়ই মারা যান মুন্না। তেজগাঁও কলেজ থেকে এ বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, হাসপাতালটির বাঁ পাশে সাগুফতা গ্রুপের ১৮ তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে একটি ইট মুন্নার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ নিয়ে ১৭ জুলাই ইংরেজি দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটা আদালতের নজরে এলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন।