সাঙ্গ হলো আঞ্চলিক উৎসব
‘স্বচ্ছ! স্বচ্ছ!...’ মা সুফিয়া খান ডাকছেন তাঁর ছেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণীর স্বচ্ছকে। ছেলে মায়ের ডাক না শুনেই হারিয়ে গেছে সহস্রাধিক খুদে গণিতবিদের সমাবেশে। মুচকি হেসে মা অনুযোগ করে বলেন, ‘সবারই আজ নতুন কিছু শেখার দিন, ভিন্ন কিছু জানার উৎসব, তাই বছরের এই একটা দিনে ছেলে যা-ই করুক, বকব না।’ এই মা-ছেলের মতো হাজারো শিক্ষার্থী ও অভিভাবক দিনব্যাপী গণিতের এক রথযাত্রায় ২৮ জানুয়ারি শুক্রবার সমাবেশ করেছিলেন রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে। কারণ, এই স্কুলেরই বিশাল প্রাঙ্গণে বসেছিল নবম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্বের বৃহত্তর ঢাকা অঞ্চলের জমজমাট গণিতের রথযাত্রা।শীতের তীব্রতা কম থাকলেও কুয়াশার চাদর, কনকনে বাতাস, রাজধানীর যানজট, বিশ্বকাপ ক্রিকেট প্রস্তুতি খুদে গণিতবিদদের উৎসবে আসা কিছুতেই আটকাতে পারেনি। গাজীপুর থেকে আসা চতুর্থ শ্রেণীর রৌদ্র আহমেদের মা রুবিনা খান জানান, ছেলের আগ্রহ-উদ্দীপনায় শীতের সকালে এত দূর থেকে এই রথযাত্রায় আসা। এই গণিত আয়োজনে বৃহত্তর ঢাকার ১৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৪৮৪ জন খুদে গণিতবিদ হাজির হয়েছিল। গণিতের রথযাত্রার শুভ উদ্বোধনীসকাল সাতটা থেকেই নিজ নিজ প্রতিষ্ঠানের পোশাক পরে শিক্ষার্থীরা উৎসবে আসতে শুরু করে। রৌদ্রোজ্জ্বল সকালে গণিত উৎসবের উদ্বোধন হয় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এই মহাযজ্ঞের উদ্বোধন করেন ভেন্যু স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল খালেক। উদ্বোধন মঞ্চে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। শুভেচ্ছা বক্তব্যে উদ্বোধকেরা সহস্র শিক্ষার্থীর সমাবেশ বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করে সবাইকে গণিতের এই আয়োজনে আসার জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া গণিতের এই রথযাত্রায় খুদে গণিতবিদদের উৎসাহ দিতে লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, ড. মোহাম্মদ কায়কোবাদ, কথাসাহিত্যিক আনিসুল হক, মনোবিজ্ঞানী মোহিত কামালের উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করে। দুই বরেণ্য সবুজ চিরতরুণ গণিতবিদ খোদাদাদ খান, লুৎফুজ্জামানের উপস্থিতি খুদে গণিতবিদের আগ্রহ অনেকাংশে বাড়িয়েছে। দিনব্যাপী এই উৎসবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক আবদুল হাকিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত শিক্ষক আলমগীর হোসেন, প্রযুক্তিবিদ সাহাদাৎ উল্লাহ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার ও অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। এ ছাড়া গণিত অলিম্পিয়াড কমিটি একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, তামিম শাহরিয়ার ও সুব্রত দেবনাথ উপস্থিত ছিলেন। বেলুন উড়িয়ে উদ্বোধনীর পর শিক্ষার্থীরা সুশৃঙ্খল লাইনের মধ্য দিয়ে বিভিন্ন কক্ষে প্রবেশ করে।প্রচেষ্টা: গণিত জয়েরসকাল ১০টায় ঘণ্টার ঢং ঢং ধ্বনির শব্দে খুদে গণিতবিদেরা শুরু করে সোয়া এক ঘণ্টার গণিত জয়ের প্রচেষ্টা। খুদে গণিতবিদেরা গণিতের বিভিন্ন কৌশল খাটিয়ে এক-একজন পিথাগোরাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন হওয়ার চেষ্টা করে। সবার মধ্যে ছিল নিঃশব্দ প্রচেষ্টা। প্রথমবারের মতো আসা বিএন স্কুলের দশম শ্রেণীর হাসিন রায়হানকে দেখা গেল কলম মাথায় টোকা দিয়ে প্রশ্ন সমাধানে ব্যস্ত থাকতে। অন্যদিকে রায়হানের মা সাবিহা পারভীন উৎসব মাঠের বইয়ের স্টলে ছেলের জন্য গণিতের বই দেখতে ব্যস্ত ছিলেন। অভিভাবকেরা এই পরীক্ষা বিরতিতে ঘুরে বেড়িয়েছেন উৎসব প্রাঙ্গণে, প্রিয় সন্তানকে গণিতবিদ বানানোর জন্য কিনেছেন গণিত ও বিজ্ঞানের বই। আয় আয় গণিতের আঙ্গিনায়সোয়া এক ঘণ্টার গণিত জয়ের পর খুদে গণিতবিদেরা হাজির হয় ‘সমুদ্রের ওপর উড়ন্ত পাই, ল্যামডা, ওমেগা’র ছবি আঁকা এক বিশাল নীলাভ’ মঞ্চের সামনে। হারিয়ে যায় গণিতের প্রশান্ত নীল মহাসাগরে। এ সময় সবার চোখ-মুখে ছিল গণিত করার আনন্দ, উৎসবের আনন্দ। ‘আয় আয় গণিতের আঙিনায়’ গানের কোরাসে সবাই বাস্তব জগতে ফিরে আসে। এই আনন্দ আরও বাড়িয়ে দেয় মিরপুর বন্ধুসভার পরিবেশনায় ও অলিভ ইসলামের নির্দেশনায় নৃত্যরঙের শিক্ষার্থীদের দেশাত্মবোধক গানের সঙ্গে দলীয় নাচ এবং সর্বশেষ ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ আবহসংগীতে একটি মনোরম উপস্থাপনা। ‘মা, মাটি, দেশ’ নিয়ে ঢাকা বন্ধুসভার পরিবেশনায় আবৃত্তি, গান ছিল খুদে গণিতবিদদের কাছে বেশ উপভোগ্য। এ ছাড়া বিশ্বকাপ নিয়ে রম্যবিতর্ক, বিশেষ টকশো ও সবার প্রিয় চমক হাসানের উপস্থাপনা ছিল বেশ হাস্যরসাত্মকপূর্ণ।সময় যখন অজানাকে জানার, নতুন কিছু শেখারসাংস্কৃতিক অনুষ্ঠানের পর খুদে গণিতবিদেরা অতিথিদের নিয়ে মজেছিল প্রশ্নোত্তর পর্বে। শিক্ষার্থীদের কঠিন কঠিন প্রশ্নবাণে জর্জরিত হতে থাকেন অতিথিরা। মুনির হাসানের পরিচালনায় এই পর্বে শিক্ষার্থীদের গণিত, রসায়ন, মহাকাশ, মনস্তত্ত্ববিষয়ক নানা প্রশ্ন, জিজ্ঞাসা অতিথিদের হাঁপিয়ে তোলে। ‘ভালো প্রশ্নের জন্য আছে ভালো বই পুরস্কার’ মন্ত্রটি শিক্ষার্থীদের প্রশ্ন কঠিন থেকে কঠিনতর করে ফেলে। খুদে গণিতবিদদের জিজ্ঞাসার মধ্যে ছিল ‘পৃথিবীর মাঝখানে গেলে কী হবে?’ ‘মহাকাশের শেষ কোথায়?’ ‘মাঝেমধ্যে মন বিষন্ন হয় কেন?’ এ পর্বে শিক্ষার্থীরা মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলে। একই সঙ্গে শিক্ষার্থীরা প্রতিদিন একবার মাকে খুশি করারও অঙ্গীকার করে। প্রশ্নোত্তর পর্বের পর এক মিনিট পর্বে গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান শিক্ষার্থীদের জানার আগ্রহ বৃদ্ধি ও অধিক গণিত অনুশীলনের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান করেন। অধ্যাপক লুৎফুজ্জামান নবীন শিক্ষার্থীদের মা ও মাতৃভূমিকে ভালোবাসতে বলেন। শিক্ষার্থীদের কাছে গণিত জয়ের আগ্রহ বাড়ানোর আহ্বান ছিল অধ্যাপক কায়কোবাদের। বুয়েট শিক্ষক আবদুল হাকিম গণিত ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি এবং কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।পড়ন্ত দুপুরে হয়ে যায় দুই পর্বের রুবিক কিউবের এক শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা। শেষ পর্যন্ত দশম শ্রেণীর অর্ণব, আরিফ ও ষষ্ঠ শ্রেণীর রাহুল এলোমেলো কিউব মিলিয়ে জিতে নেয় বই পুরস্কার। এ সময় মুনির হাসান খুদে গণিতবিদদের বেশি করে গণিতের বই পড়ার পাশাপাশি বইয়ের উদাহরণ ভালো করে বোঝার চেষ্টা করতে বলেন। সফলতার গোপন রহস্য যে কাজের পেছনে লেগে থাকা তা তিনি শিক্ষার্থীদের কাছে ফাঁস করে দেন! দিনব্যাপী এই উৎসবে অতিথিরা ছিলেন সব সময়ই অটোগ্রাফ-শিকারিদের নজরে। শিক্ষাবিদ জাফর ইকবালের সামনে ছিল সব সময়ই খুদে গণিতবিদদের অটোগ্রাফ সংগ্রহের খাতা, কাগজ, উৎসবের প্রবেশপত্র! উৎসব প্রাঙ্গণ: পরিপূর্ণ শেখার নানা উপকরণে উৎসব প্রাঙ্গণে ছিল গণিতের বইসহ প্রথমা প্রকাশন, তাম্রলিপি, সময় প্রকাশন, বিজ্ঞান একাডেমী, বন্ধুসভা ও প্রথম আলো জবসের নান্দনিক স্টল। খুদে গণিতবিদদের জন্য গাজীপুরের ডুয়েট গণিত ও বিজ্ঞান ক্লাব এবং টিচার্স ট্রেনিং কলেজের স্টলে ছিল সহজ ভাষায় বিজ্ঞান ও গণিতের জটিল সূত্র প্রমাণের বিভিন্ন ধরনের মডেল। দিনব্যাপী উৎসবটি ইন্টারনেটে সম্প্রচার করে কম্পিউটার জগৎ। প্রথমবারের মতো দেশের বাইরে থেকে উৎসবে হাজির থাকেন পাঁচ সহস্রাধিক গণিত পিপাসু। প্রথম আলোর ইন্টারনেট সাইট থেকে এই সম্প্রচার সম্পন্ন হয়েছে। প্রাথমিক চিকিৎসার সহযোগিতায় ছিল ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির চিকিৎসকেরা। উৎসবে সবাইকে পানীয় ও নুড্লস সরবারহ করে নেসক্যাফে ও ম্যাগি। শিক্ষার্থীদের মুক্ত সফটওয়্যার প্রদর্শন ও প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার সুযোগ করে দেয় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।বদলের সৈনিক: দেশীয় উদ্যোক্তাবাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত করার জন্য সবার কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য দরকার উদ্ভাবনী ও উদ্যমী উদ্যোক্তাদের। উৎসবে উপস্থিত ছিলেন টি-শার্ট শিল্পের পথিকৃৎ ‘নিত্য উপহার’-এর স্বত্বাধিকারী উদ্যোক্তা বাহার আহমেদ। তাঁর স্বল্প পুঁজির ব্যবসা, সেবা ও দেশপ্রেমকে টি-শার্টের মাধ্যমে এক সূত্রে গাঁথার সংগ্রাম শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়। তিনি জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে দীপু নাম্বার টু চলচ্চিত্রের দীপুর মতো হতে নিজের সমস্যা নিজে সমাধানের পরামর্শ দেন। এক শ একটি পুরস্কার প্রাপ্তি: সহস্রাধিক নতুন লক্ষ্য, নতুন প্রেরণাঅষ্টম গণিত উৎসবে জুবায়ের হামিদ পদক পেয়েও মন খারাপ করেছিল বড় বোন নূরে তাসনিনার পদক না পাওয়ার জন্য। কিন্তু এবার দুই ভাইবোনই পদক পেয়ে ভীষণ খুশি। রেসিডেনসিয়াল মডেল কলেজের রুবাইয়্যাত হোসাইন ইকোলোর সকাল থেকে মন খারাপ; কারণ তার বাবা থাকেন সেই সুদূর সৈয়দপুরে। কিন্তু শেষ বিকেলে মা-খালামণির সঙ্গে আসা প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ইকোলোর মুখে ছিল তৃপ্তির হাসি, আনন্দের হাসি। ইকোলো তার এই সফলতার পেছনে অলিম্পিয়াড কমিটির ওয়েবসাইটের কথা জানায়। হলিক্রস কলেজের মানসুরা তাবাসসুম তো নাম ঘোষণা করতেই কান্নাকাটি করতে শুরু করে। রুবিক কিউব প্রতিযোগিতার বিজয়ী দশম শ্রেণীর অর্ণবের নামও ঘোষণা করা হয়। বড় বোন ষষ্ঠ শ্রেণীর ইফসিতা আহমেদের মেডেল নিয়ে কেজি ওয়ানে পড়া নুজহাত আহমেদের লাফালাফি ছিল দেখার মতো। বিজয়ীদের নাম ঘোষণা করার পর পুরস্কার না পেয়ে কাউকে হতাশ হতে দেখা যায়নি। হলিক্রস স্কুলের নবম শ্রেণীর সাদিয়ার নাম ঘোষণা না হলেও আত্মবিশ্বাসের সঙ্গে বলে যাচ্ছিল, ‘এই নাম ঘোষণা শুধু জাতীয় উৎসবের যাওয়া জন্য, গণিত বিজয়ী তো সবাই। আগামীবার দেখিয়ে দেব।’ খুদে গণিতবিদদের সবাই পুরস্কার বিজয়ের আনন্দ না পেলেও সবার মুখে শোভা পাচ্ছিল গণিত জয়ের হাসি, নতুন কিছু শেখার আনন্দ। সবাই নতুন প্রত্যয়ে পরম আনন্দে গণিত শিখে মা, মাটি, দেশকে সেবার জন্য স্কুলের প্রধান গেট দিয়ে বেরিয়ে যায়।মানিকগঞ্জ গণিত উৎসবগত ২২ জানুয়ারি মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ গণিত উৎসব। আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির তিন শতাধিক শিক্ষার্থী উৎসবে অংশ নেয়। বিজয়ী ছয়জন জাতীয় গণিত উৎসবে অংশ নেবে। এ উৎসবে উপস্থিত ছিলেন উৎসবের আহ্বায়ক আরিফুর রহমান, সৈয়দ আল মামুন, এনায়েত হোসেন খান, অধ্যাপক আসাদুজ্জামান, গোপাল চন্দ্র সাহা, মুজিবুর রহমান, মোখলেসুর রহমান, মাকসুদুল কামরুল হক প্রমুখ। ছিলেন মানিকগঞ্জের গৌরব অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।