সাঙ্গ হলো নভোখেয়া ডিসকভারির মহাকাশযাত্রা
স্পেস শাটল বা নভোখেয়া ডিসকভারি ১৯৮৪ থেকে ২০১১ সাল পর্যন্ত নাসার মহাকাশ মিশনে ব্যবহূত হয়েছে। গত ৯ মার্চ ডিসকভারি শেষবারের মতো পৃথিবীর মাটিতে অবতরণ করে। এই নিয়ে এবারের প্রতিবেদন...যাত্রা শেষ করল নাসার সবচেয়ে বেশি ব্যবহূত নভোখেয়া স্পেস শাটল ডিসকভারি। দুই যুগের বেশি সময় ধরে ১৯৮৪ থেকে ২০১১ সাল পর্যন্ত সর্বোচ্চ ৩৯ বার নাসার মহাকাশ মিশনে ব্যবহার করা হয় এই বিশাল বাহন। গত ৯ মার্চ ডিসকভারি শেষবারের মতো পৃথিবীর মাটিতে অবতরণ করে। দীর্ঘ ২৭ বছরে ডিসকভারি মহাকাশে ৩৬৪ দিন অবস্থান করে। ডিসকভারিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গবেষণা ও প্রতিস্থাপনের কাজে ব্যবহার করা হয়েছে। আটলান্টিস ও ইনডেভার নামে এর দুটি সক্রিয় অরবিটার ছিল। ইনডেভার ১৯ মে তার সর্বশেষ মিশনে যাত্রা করেছে, যেখানে আটলান্টিস এ বছরের জুলাইয়ে তার শেষ মিশনে অংশ নেবে।১৯৮০ সালের পূর্বে মহাকাশে যেসব যান পাঠানো হতো সেগুলো মিশন শেষে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ত। যার ফলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হতো। ব্যয়বহুল মহাকাশ যান তৈরির বিকল্প হিসেবে নভোখেয়া তৈরির পরিকল্পনা করা হয়। নভোখেয়া হচ্ছে পুনঃ ব্যবহারযোগ্য মহাকাশ যান। ১৯৮১ সালে আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিক্স ও স্পেস অ্যাডমিনিস্ট্রেশন প্রথম স্পেস শাটল এন্টারপ্রাইজের পরীক্ষা চালায়। ১৯৮১ সালে প্রথম স্পেস শাটল হিসেবে কলাম্বিয়া মহাকাশে যাত্রা করে। তখনকার রকওয়েল ইন্টারন্যাশনাল (বর্তমানে বোয়িং) প্রথম স্পেস শাটলটি প্রস্তুত করে। ডিসকভারি স্পেস শাটল পরিবারের তৃতীয় সদস্য।ক্যাপ্টেন জেমস কুকের ১৮ শতকের ব্রিটিশ রণতরী ‘এইচএমএস ডিসকভারি’র নামে এর নামকরণ করা হয়। হাবল টেলিস্কোপ স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজে তিনটি মিশনে একে ব্যবহার করা হয়। স্পেস শাটল ডিসকভারি ছিল নাসার ভরসার প্রতীক। ১৯৮৬ সালে নাসার আরেক জায়ান্ট ‘স্পেস শাটল চ্যালেঞ্জার’ ও ২০০৩ সালে ‘স্পেস শাটল কলাম্বিয়া’র দুর্ঘটনার পর থেকেই নাসার গুরুত্বপূর্ণ গবেষণা ও প্রতিস্থাপনের কাজে ডিসকভারি সার্থকভাবে ব্যবহূত হয়েছে। অবসরের এই সময়ে ডিসকভারি আমেরিকার স্মিথসোনিয়ান ন্যাশনাল মহাকাশ জাদুঘরে রাখা হবে।স্পেস শাটল ডিসকভারির উচ্চতা ভূমি থেকে ৫৭ ফুট (১৭.৪ মিটার) ও দৈর্ঘ্য ১২২ ফুট (৩৭.২ মিটার)। এর দুই পাখার বিস্তৃতি প্রায় ৭৮ ফুট। শুধু ইঞ্জিনসহ শাটলের ওজন ৭৮ হাজার ১৮ কিলোগ্রাম। দীর্ঘ ২৭ বছরে ডিসকভারি ১৪ কোটি ৮০ লক্ষ মাইল পথ উড্ডয়ন করে এবং পাঁচ হাজার ৮৩০ বারের মতো পৃথিবী প্রদক্ষিণ করে। এই সময়ের মধ্যে ডিসকভারি ৯৯টি প্রতিস্থাপন মিশন ও ৮৮টি বিশেষ গবেষণা মিশনে অংশ নেয়। সর্বমোট ২৪৬ জন নভোচারীকে বহন করে এই বৃহদাকার মহাকাশযান।এ ছাড়া হাবল টেলিস্কোপসহ মোট ৩১টি স্যাটেলাইট স্থাপনের মিশনে অংশ নেয়। সৌর গবেষণার জন্য ‘ইউলিসিস প্রোব’ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্থাপনের কাজেও ব্যবহার করা হয়। ডিসকভারির গুরুত্বপূর্ণ মিশনগুলো ১৯৮৪ সালের ৩০ আগস্ট প্রথম উড্ডয়নে দুটি যোগাযোগ স্যাটেলাইট স্থাপন। ১৯৮৫ সালের ১২ এপ্রিল আমেরিকার প্রথম সিনেটর হিসেবে জেইক গার্নকে নিয়ে মহাকাশযাত্রা। ১৯৮৫ সালের ১৭ জুন প্রথম মুসলিম হিসেবে সৌদি সুলতান সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে মহাকাশে বহন। ১৯৮৮ সালে আরেক মহাকাশযান চ্যালেঞ্জার দুর্ঘটনার পর রিটার্ন ফ্লাইট পরিচালনা। ১৯৯০ সালের ২৪ এপ্রিল হাবল টেলিস্কোপ স্থাপন। ১৯৯৪ সালে প্রথম রাশিয়ান নভোচারী সারগেই ক্রিকালভের আমেরিকান মহাকাশযানে পরিভ্রমণ। ১৯৯৫ সালে বৃহৎ মহাকাশ স্টেশন মিরে প্রতিস্থাপন মিশন। ১৯৯৫ সালে ইলেন কলিনস ডিসকভারিতে প্রথম মহিলা নভোচারী হিসেবে উড্ডয়ন করেন। তিনি ১৯৯৯ সালে প্রথম মহিলা হিসেবে ডিসকভারির কমান্ডার নিযুক্ত হন। ১৯৯৮ সালে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে সিনেটর জন এবং প্রথম স্প্যানিশ ও সুইডিশ নভোচারী পেড্রো ডুকোই ও ক্রিস্টার ফোগেলকে বহন। ১৯৯৮ সালের ২ জুন মহাকাশ স্টেশন মিরের নভোচারীদের নিয়ে সর্বশেষ ফ্লাইট। ১৯৯৯ সাল থেকে আইএসএসের সঙ্গে প্রতিস্থাপন ও পরিবহন মিশন শুরু। ২০০০ সালে ১০০তম উড্ডয়ন মিশন সম্পন্ন। ২০০৫ ও ২০০৬ সালে মহাকাশযান কলাম্বিয়া দুর্ঘটনার পর দুবার রিটার্ন ফ্লাইট পরিচালনা। ২০১০ সালে ডিসকভারি তার উড্ডয়নে সর্বোচ্চ ১৫ দিন মহাকাশে অবস্থান করে।পাইলট এরিক বোয়ের পরিচালনায় ২০১১ সালের ৯ মার্চ ১২ দিন মহাকাশে অবস্থান শেষে সর্বশেষ মিশনের সমাপ্তি ঘটায়।