সাঙ্গাকারার অস্ত্র টপ অর্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা এখন ফাইনালের। সবার দৃষ্টি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দিকে। কী রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে শেষ লড়াই? রোমাঞ্চকর হবে তো ভারত-শ্রীলঙ্কা ফাইনাল? নাকি একপেশে হবে? প্রতিপক্ষ যখন দুই প্রতিবেশী, ঝুঁকি নিয়ে বলে দেওয়া যায়, লড়াইটা রোমাঞ্চকরই হবে।দুটি দলই তৃতীয়বার খেলছে ফাইনাল। এর আগে জিতেছে একবার করে শিরোপা। এবার দুই দলেরই শিরোপাক্ষুধার পেছনে আছেন একজন করে খেলোয়াড়। ভারতের শচীন টেন্ডুলকার, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। দুজনেরই এটা শেষ বিশ্বকাপ। আগামীকালের ফাইনালই মুরালির ক্যারিয়ারে শেষ ম্যাচ। ধোনিরা টেন্ডুলকারের জন্য বিশ্বকাপ জিততে চান, সাঙ্গাকারারাও বিদায় বেলায় মুরালির হাতে তুলে দিতে চান ট্রফিটা।দুই দলই স্বপ্নের ফাইনালে জায়গা করে নিয়েছে কাঁটা বিছানো পথ পেরিয়ে। যদিও কুমার সাঙ্গাকারার শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল—বড় দুটি বাধাই পেরিয়েছে অনেকটা সহজে। মহেন্দ্র সিং ধোনির ভারত ঠিক ততটাই কঠিন পথে। কোয়ার্টার ফাইনালে ‘বিশ্বকাপের একাধিপতি’ অস্ট্রেলিয়ার বাধা ডিঙানোর পর তাদের সেমিফাইনালে ছিল চিরশত্রু পাকিস্তান। পরশু রাতে মোহালির লড়াইটা ছিল মূলত ‘ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং’। ওয়াংখেড়ে লড়াইটা পাল্টে যাচ্ছে। এবার ভারতের লড়াই দুটি—শ্রীলঙ্কার বোলিং তো বটেই, ব্যাটিংও। লাসিথ মালিঙ্গা-মুরালিধরন আছেন শ্রীলঙ্কার বোলিং আক্রমণে, যা বৈচিত্র্যময়। ব্যাটিংও সমীহ জাগানো। টপ অর্ডার তো দারুণ সফল এই বিশ্বকাপে। ধোনিদের চিন্তার বড় কারণ এই টপ অর্ডার। টুর্নামেন্টের শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তিনজনই শ্রীলঙ্কার। সবাই টপ অর্ডারে ব্যাট করেন।সর্বোচ্চ ৪৬৭ রান তিলকরত্নে দিলশানের, চতুর্থ সর্বোচ্চ ৪১৭ রান কুমার সাঙ্গাকারার, পঞ্চম সর্বোচ্চ ৩৯৩ রান উপুল থারাঙ্গার। বাকিদের ব্যাটে রান নেই। অন্যতম ভরসা মাহেলা জয়াবর্ধনে কানাডার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে করেছিলেন বিশ্বকাপে শ্রীলঙ্কার পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৮০ বলে এসেছে সেই সেঞ্চুরি। জয়াবর্ধনে পরের পাঁচ ইনিংসে করেছেন মাত্র ১০১ রান। শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা অবশ্য সতীর্থদের পাশেই আছেন, ‘একজন ব্যাটসম্যান ব্যর্থ হলে সবাই কথা বলতে শুরু করে। খুব স্বাভাবিক প্রশ্ন—সে কি ফর্মে নেই? আপনি কি উদ্বিগ্ন? ক্রিকেটে এটা ঘটতেই পারে।’ ৩৪০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা যাঁর, সেই জয়াবর্ধনেকে নিয়ে সাঙ্গাকারা বলেছেন, ‘মাহেলা এমন একজন খেলোয়াড়, যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে এবং যেকোনো দলকে বিধ্বস্ত করে দিতে পারে। এতে কোনো সন্দেহই নেই।’ঊরুর চোট ছিল, তবু সেমিফাইনালে দলের প্রয়োজনে রানার নিয়ে ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সামারাবীরার সঙ্গে ৩৩ বলে অপরাজিত ৩৫ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। সাঙ্গাকারা খুব খুশি, ‘এতেই প্রমাণিত হয়েছে, পারফর্ম করার জন্য সে কতটা ক্ষুধার্ত।’ শুধু ম্যাথুজ নন, মুরালিকেও প্রশংসায় ভাসালেন শ্রীলঙ্কান অধিনায়ক, ‘এটা মুরালির জন্য কঠিন এক টুর্নামেন্ট। সে ১০০ ভাগ দিতে পারছে না ঠিক, তবে দুর্দান্ত বোলিং করছে।’ ওয়েবসাইট।