সাঙ্গাকারারও সেরা মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট পেতে পেতেও পাওয়া হলো না। ওয়ানডেতে সর্বশেষ ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন প্রায় আড়াই বছর আগে। পরশু আরেকটি ম্যাচ-সেরার পুরস্কারের একদম কাছাকাছি গিয়েছিলেন...পেতে পেতেও পেলেন না। পেয়েও না-পাওয়ার এই দিনে মুত্তিয়া মুরালিধরনের আক্ষেপের চেয়ে আনন্দ হয়তো বেশি হলো। তাঁর বদলে ম্যাচ-সেরা হয়েছেন যিনি, সেই কুমার সাঙ্গাকারা যে প্রশংসায় ভাসিয়ে দিলেন মুরালিকে। মনে করিয়ে দিলেন, মুরালি আসলেই এক কিংবদন্তি।না, শুধু উইকেট প্রাপ্তিতে নয়; পরশু শ্রীলঙ্কার ১১২ রানের বিশাল জয়ের একটা ভিত্তি গড়ে দিয়েছেন মুরালিই। নিজের টানা তিন ওভারে ফিরিয়ে দিয়েছেন উইলিয়ামসন, টেলর ও স্টাইরিসকে। শেষ দিকে নেমে ঝড় তুলে ম্যাচের পরিস্থিতি পাল্টে দেওয়ার উদাহরণ এর আগেও গড়েছেন জেমস ফ্রাঙ্কলিন। মুরালি ফিরিয়ে দিয়েছেন তাঁকেও।৮ ওভারে ২৫ রানে ৪ উইকেট। বিশ্বকাপে প্রথমবারের মতো পাদপ্রদীপের আলো প্রায় কেড়েই নিয়েছিলেন। বিশ্বকাপে এর আগে ৩৬ ম্যাচে একবারও ইনিংসে ৫ উইকেট পাওয়া হয়নি। মনে হচ্ছিল, মুরালি পেয়েই যাবেন এবার। কিন্তু শেষ দুটো ওভার করা হলো না। প্রথমদিকে বেধড়ক মার খাওয়া লাসিথ মালিঙ্গাকে ফিরিয়ে আনলেন সাঙ্গাকারা। অন্য প্রান্তে ফিরলেন অজন্তা মেন্ডিস। ফিরে এসেই এই দুজন দুটো উইকেট তুলে অলআউট করে দিলেন নিউজিল্যান্ডকে।পরশু ম্যাচ শেষে সাঙ্গাকারা অবশ্য জানালেন, মুরালির স্বার্থেই তাঁকে পরে বল করানো হয়নি। ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছিলেন। মুরালি বল করে গেছেন সেই চোট নিয়েই। ম্যাচ শেষে সাঙ্গাকারা তাই বলছিলেন, ‘মুরালি তো কিংবদন্তি। বলতে গেলে ও আজ এক পায়েই বল করেছে। তার পরও কতগুলো উইকেট তুলে নিল!’এখন সাঙ্গাকারা চাওয়া, ‘কোয়ার্টার ফাইনালের আগে আমরা বেশ কিছুদিন বিরতি পাব। এর মধ্যেই ও পুরো ফিট হয়ে উঠবে নিশ্চয়ই।’ম্যাচ-সেরা হননি, এ নিয়ে তাঁর মনে কোনো আক্ষেপ নেই। বরং সাঙ্গাকারাকেই ম্যাচের সেরা মনে করেন তিনিও। বিশেষ করে, ৩ রান করে দুই ওপেনার ফিরে আসার পর যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন সাঙ্গাকারা, সত্যিই অসাধারণ। লঙ্কান অধিনায়কের ১১১ রানের ইনিংসটিই শ্রীলঙ্কাকে এনে দিয়েছিল ২৬৫ রানের পুঁজি। জয়াবর্ধনের সঙ্গে তাঁর ১৪৫ রানের জুটি আসলে ম্যাচ থেকে মুছে ফেলতে শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু সাঙ্গাকারা নিজেও মনে করেন, ম্যাচ-সেরার পুরস্কার আসলে মুরালিরই প্রাপ্য ছিল। রয়টার্স, এএফপি।নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক রস টেলর জয়ের পর স্বীকার করেছেন শ্রীলঙ্কা কঠিন এক লক্ষ্যই বেঁধে দিয়েছিল তাদের সামনে। এখানে ১৯৯৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ২২৯ রান করে ম্যাচ জিতেছিল। ওটাই এখনো পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়ের উদাহরণ। কোয়ার্টার ফাইনালের ‘যুদ্ধে’ নামার আগে এ ম্যাচ থেকে বাড়তি আত্মবিশ্বাসের খানিক জ্বালানি ভরে নিতে চেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সেটি হলো না। টেলর তাই কোয়ার্টার ফাইনালেই ভালো করার আশায় বুক বাঁধলেন, ‘এখন দেখতে হবে কোয়ার্টার ফাইনালে কারা আমাদের প্রতিপক্ষ হয় এবং আশা থাকবে ভালো খেলার।’