সাঙ্গু গ্যাসক্ষেত্রে কূপ খনন শুরু করেছে স্যান্তোস
দেশের সমুদ্রবক্ষের ১৬ নম্বর ব্লকের সাঙ্গু গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন শুরু করেছে অস্ট্রেলীয় কোম্পানি স্যান্তোস। গতকাল শনিবার খুব সকালে দক্ষিণ সাঙ্গুতে এই গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপটির খননকাজ শুরু করে কোম্পানিটি।কোম্পানিটির নির্ভরযোগ্য সূত্র ও পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাঙ্গু গ্যাসক্ষেত্রে কেয়ার্ন এনার্জির স্থাপিত অবকাঠামো থেকে ছয় কিলোমিটার দক্ষিণে এবং চট্টগ্রাম উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এই নতুন কূপটি খনন করা হচ্ছে। সূত্র বলছে, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই কূপটির খননকাজ শেষ হবে। এতে বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া গেলে তা সাঙ্গু ক্ষেত্রের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে এই বছরের মধ্যে চট্টগ্রামে সরবরাহ করা যাবে।স্যান্তোস এরপর সাঙ্গু-১১ ও উত্তর-পূর্ব সাঙ্গু-১ নম্বর কূপ দুটি খনন করবে। কোম্পানিটির কর্মপরিকল্পনা অনুযায়ী এর প্রথমটির খননকাজ আগামী ১৫ নভেম্বর ও দ্বিতীয়টির খননকাজ আগামী ৮ জানুয়ারি শুরু করার কথা। একেকটি কূপ খনন করতে সর্বোচ্চ ৪০ দিন সময় লাগবে। উৎপাদন অংশীদারি চুক্তির অধীনে সাঙ্গু গ্যাসক্ষেত্রের পরিচালক ছিল যুক্তরাজ্যের কোম্পানি কেয়ার্ন এনার্জি পিএলসি (৭৫ শতাংশ) ও যুক্তরাষ্ট্রের হেলিবার্টন (২৫ শতাংশ)। সাঙ্গুতে তারা তিনটি কূপ খনন করে গ্যাস তুলেছে। তবে সাঙ্গুর গ্যাস মজুদ সম্পর্কে কেয়ার্নের হিসাব ভুল ছিল। ফলে সাঙ্গু থেকে যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা ছিল, তা পাওয়া যায়নি। অবশ্য তাদের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ (থ্রি-ডি সাইসমিক সার্ভে) করারও অনুমতি দেয়নি পেট্রোবাংলা।একপর্যায়ে কেয়ার্ন সাঙ্গু ক্ষেত্রে তাদের মালিকানা হস্তান্তর করে স্যান্তোসের কাছে। এরপর ২০১০ সালে স্যান্তোস ক্ষেত্রটিতে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালায় এবং ওই নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা করে। এসব কূপে গ্যাস পাওয়া গেলে স্যান্তোস তা সরাসরি দেশের মধ্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে।