সাঙ্গু গ্যাসক্ষেত্রের অবস্থা ভালো নয়
দেশের একমাত্র সাগরবক্ষীয় সাঙ্গু গ্যাসক্ষেত্রে গত এক মাসে অন্তত তিনবার উৎপাদন বন্ধ হয়েছে। উৎপাদন নেমে এসেছে দৈনিক দুই কোটি ঘনফুটের কাছাকাছি, যা অর্থনৈতিকভাবে লাভজনক নয়। অথচ গত বছর মে-জুন মাসেও ক্ষেত্রটি থেকে দৈনিক পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি (৫০-৫৫ মিলিয়ন) ঘনফুট গ্যাস পাওয়া গেছে। সাঙ্গুর অবস্থা যে ভালো নয়, তা পেট্রোবাংলার চেয়ারম্যানও বলেছেন।সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাঙ্গুর এ অবস্থায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের সংকট বাড়ছে।মজুদ নিয়ে দুই রকম তথ্য: দেশের ১৬ নম্বর ব্লকের এই ক্ষেত্রটি উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) মাধ্যমে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জি পিএলসিকে। ১৯৯৬ সালে তারা সাঙ্গুতে গ্যাস আবিষ্কার করে এবং ১৯৯৮ সালের ১২ জুন উত্তোলন ও সরবরাহ শুরু হয়।প্রথমে এ ক্ষেত্রের মজুদ নির্ধারণ করা হয় ৯০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। সে অনুযায়ী ক্ষেত্রটি থেকে দৈনিক ১৮ থেকে ১৯ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস উত্তোলন করা হয়েছে। কিন্তু নানা ধরনের কারিগরি ত্রুটির কারণে সাঙ্গুর উৎপাদন ব্যাহত হচ্ছিল অনেক দিন ধরেই। কেয়ার্ন একাধিকবার কারিগরি পদক্ষেপ নিয়ে উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করে। কিন্তু সফল হয়নি।২০০৮ সালের আগস্ট মাসে কেয়ার্ন পেট্রোবাংলাকে জানায়, ৯০০ বিসিএফ নয়, সাঙ্গু গ্যাসক্ষেত্রের মোট মজুদ ৪৯০ বিসিএফ। এত দিন উত্তোলন করার পর ক্ষেত্রটিতে আর ১৪ দশমিক ৪৪ বিসিএফ গ্যাস অবশিষ্ট আছে, যা এক বছরের মধ্যে (২০০৯ সাল) শেষ হয়ে যাবে। প্রকৃতপক্ষে ২০০৯ সালের সেপ্টেম্বরের পর ক্ষেত্রটি থেকে বাণিজ্যিক ভিত্তিতে বা অর্থনৈতিক দিক দিয়ে লাভজনকভাবে (দৈনিক দুই কোটি ৩০ লাখ ঘনফুট) গ্যাস পাওয়া যাবে না।কমপ্রেশার প্রকল্পও ব্যর্থ: এর পরও সাঙ্গুর গ্যাস উৎপাদন অর্থনৈতিকভাবে লাভজনক রাখার উপায় হিসেবে কেয়ার্ন কমপ্রেশার বসানোর একটি প্রকল্প প্রস্তাব দেয় পেট্রোবাংলাকে। পেট্রোবাংলার অনুমোদনের পর ৬০ লাখ মার্কিন ডলার ব্যয়ে বসানো কমপ্রেশার গত বছর জুলাইয়ে চালু হয়। তখন বলা হয়, কমপ্রেশার বসানোর ফলে সাঙ্গু থেকে আরও অন্তত দুই বছর লাভজনকভাবে গ্যাস তোলা সম্ভব হবে। কিন্তু এর এক বছরের মাথায়ই ক্ষেত্রটিতে উৎপাদন দুই কোটি ২০ লাখ ঘনফুটে নেমে গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এখন চেষ্টা চলছে আরও কিছু পদক্ষেপ নিয়ে সাঙ্গুর উৎপাদন বাড়ানোর। তবে তা আর সম্ভব হবে না। সাঙ্গুর মৃত্যু অত্যাসন্ন।বিনিয়োগে লাভ বিনিয়োগকারীর: জানা যায়, সাঙ্গুতে বসানো কমপ্রেশার চালুর পর থেকে এর ব্যয় তুলে নিতে বিনিয়োগকারীর গ্যাসের প্রাপ্য অংশ বেড়েছে, পেট্রোবাংলার অংশ কমেছে। পেট্রোবাংলাকে তাদের কাছ থেকে আন্তর্জাতিক বাজারদরে বেশি পরিমাণে গ্যাস কিনতে হয়। কমপ্রেশার বসানো ছাড়াও সাঙ্গুতে কেয়ার্ন ‘পারফোরেশন’, ‘ওয়েল ইন্টারভেনশন’ প্রভৃতি নামে একাধিকবার বিপুল বিনিয়োগ করেছে। ফলে উত্তোলিত গ্যাসে বারবার তাদের অংশ বেড়েছে। অর্থাৎ বিনিয়োগে লাভ হয়েছে বিনিয়োগকারীর।কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে: বিশেষজ্ঞদের অভিমত, সাঙ্গুতে মজুদ বেশি দেখিয়ে দৈনিক বেশি গ্যাস তোলায় ক্ষেত্রটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন অধ্যাপক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রেরই গ্যাসের আধার (রিজার্ভার) বালুকণা (স্যান্ডস্টোন)। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে গ্যাস তুলতে গেলে যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, তাতে এই আধারের কাঠামো ভেঙেচুরে নষ্ট হয়ে যায়। ফলে যতটা গ্যাস পাওয়ার কথা, ততটা পাওয়া যায় না। তাঁরা বলেন, একটি ক্ষেত্রে যে পরিমাণ গ্যাসের প্রমাণিত মজুদ নির্ধারিত হয়, প্রতিবছর তার সাড়ে সাত শতাংশের বেশি তোলা নিরাপদ নয়। বিদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে পেট্রোবাংলার যে উৎপাদন অংশীদারি চুক্তি আছে, সেখানেও গ্যাস উত্তোলনের এই পরিমাণ নির্ধারণ করা আছে। এর বেশি উত্তোলন করতে গেলেই গ্যাসের আধার ক্ষতিগ্রস্ত হয়। সাঙ্গুতেও মজুদের পরিমাণ বেশি দেখিয়ে কিংবা মজুদ নির্ধারণে ভুল হওয়ায় নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি গ্যাস তুলে ক্ষেত্রটিকে এই পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়েছে।বিষয়টি সম্পর্কে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, সাঙ্গুর অবস্থা ভালো নয়। তবে এখনই পরিত্যক্ত হবে কি না, সে ব্যাপারে এখনো পরিচালক কোম্পানি কিছু জানায়নি।