সাঙ্গু ৪-এ গ্যাস পায়নি সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রবক্ষের ১৬ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে অস্ট্রেলীয় কোম্পানি সান্তোসের প্রথম উদ্যোগ বিফলে গেছে। তাদের প্রথম নতুন কূপ ‘দক্ষিণ সাঙ্গু ৪’-এ গ্যাস পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার কূপটির খননকাজ পরিত্যক্ত ঘোষণা করেছে তারা।সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, সাঙ্গু গ্যাসক্ষেত্রে কেয়ার্ন এনার্জির স্থাপিত অবকাঠামো থেকে ছয় কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এই নতুন কূপটি খনন করা হচ্ছিল। খননের লক্ষ্য ছিল তিন হাজার ৬০০ মিটার।গতকাল পরিত্যক্ত ঘোষণার আগে তিন হাজার ৪০০ মিটার পর্যন্ত খনন করা হয়েছিল। এর মধ্যে কোথাও গ্যাসের কোনো স্তরের সন্ধান মেলেনি। উপরন্তু ভূগর্ভে অতি উচ্চচাপের (প্রতি ইঞ্চিতে নয় হাজার ২০০ পাউন্ড) পানি স্তর এসে পড়েছিল। ফলে আরও খননকাজ চালানো বিপজ্জনক হয়ে ওঠে।আমাদের চট্টগ্রাম অফিস জানায়, পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস) মোল্লা মো. মবিরুল হোসাইন প্রথম আলোকে বলেছেন, ‘কূপটি পরিত্যক্ত ঘোষণার বিষয়টি আমরা জেনেছি। তবে একটি কূপ পরিত্যক্ত ঘোষণা করা মানেই সব সম্ভাবনা শেষ হয়ে যায় না। সান্তোসের এ বছরই আরও দুটি কূপ খনন করার কথা রয়েছে। সেগুলো খুবই সম্ভাবনাময়। তা ছাড়া গ্যাস না পেলে একটি বহুজাতিক কোম্পানি এত টাকা সাগরে খরচ করবে কেন।’সান্তোসের কর্মপরিকল্পনা অনুযায়ী, এরপর তারা সাঙ্গু-১১ ও উত্তর-পূর্ব সাঙ্গু-১ নম্বর কূপ দুটি খনন করবে। এর প্রথমটির খননকাজ ২০ নভেম্বর নাগাদ ও দ্বিতীয়টির খননকাজ আগামী বছরের ৮ জানুয়ারি শুরু করার কথা।উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে সাঙ্গু গ্যাসক্ষেত্রের পরিচালক ছিল যুক্তরাজ্যের কোম্পানি কেয়ার্ন এনার্জি পিএলসি (৭৫ শতাংশ) ও যুক্তরাষ্ট্রের হেলিবার্টন (২৫ শতাংশ)। সাঙ্গু থেকে তারা গ্যাস তুলেছে ক্ষেত্রটির মজুদ সম্পর্কে ভুল হিসাবের ভিত্তিতে। ফলে সাঙ্গু থেকে যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা ছিল, তা পাওয়া যায়নি। অবশ্য তাদের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ (থ্রি-ডি সাইসমিক সার্ভে) করার অনুমতি দেয়নি পেট্রোবাংলা।একপর্যায়ে কেয়ার্ন সাঙ্গু ক্ষেত্রে তাদের মালিকানা হস্তান্তর করে সান্তোসের কাছে। এরপর ২০১০ সালে সান্তোস ক্ষেত্রটিতে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালায় এবং উপরিউক্ত নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা করে। এসব কূপে গ্যাস পাওয়া গেলে সান্তোস ওই গ্যাসের তাদের অংশ সরাসরি দেশের মধ্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে।দেশের সমুদ্রবক্ষের একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গুর উৎপাদন বর্তমানে দৈনিক মাত্র এক কোটি ৩০ লাখ ঘনফুটে নেমে এসেছে। অথচ শুরুতে ক্ষেত্রটি থেকে দৈনিক সর্বোচ্চ প্রায় ২০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা হয়েছে, যা ক্ষেত্রটির জন্য ক্ষতিকর হয়েছে।