সাজা ভোগের পর দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি
ভারতে দীর্ঘদিন সাজা ভোগের পর অবশেষে ১৩ জন বাংলাদেশি দেশে ফিরলেন। আজ শুক্রবার বেলা একটায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।হিলি ইমিগ্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, সাজা ভোগকারী ১৩ জন বিভিন্ন সময় দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। এ সময় তারা সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে। ভারতে বিনা পাসপোর্টে প্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। তারা ভারতের বালুরঘাট, রায়গঞ্জ কারাগারে সাজা ভোগ করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, একেক জনের সাজার মেয়াদ এক থেকে চার বছর আগে শেষ হলেও তাদের বাংলাদেশে না পাঠিয়ে অনেক দিন ধরে কারাগারে রাখা হয়। পরে বাংলাদেশ ও ভারত সরকারের বন্দীবিনিময় চুক্তির মাধ্যমে দুটি এনজিওর সহযোগিতায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আজ বেলা একটায় হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।