সাজানো নির্বাচন, আগে জানলে অংশ নিতাম না: শামীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমান বলেছেন, ‘এ নির্বাচন সাজানো। আগে যদি বুঝতাম, এ রকম সাজানো নির্বাচন হবে তাহলে অংশ নিতাম না।’নির্বাচন শেষ হওয়ার আধা ঘণ্টা আগে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রের সামনে তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি নাজিমুদ্দিন রনিকে মারধর করেন শামীম ওসমান। এ সময় র‌্যাব তাঁকে উদ্ধার করে। নাজিমুদ্দিন আইভীর পক্ষে কাজ করেন।এত দিন বিভিন্ন টিভি টকশো ঠান্ডা মাথায় সামাল দিলেও গতকাল দুপুর ১২টার পর থেকে উত্তেজিত হয়ে ওঠেন শামীম। গণমাধ্যমের কর্মীদেরও তিনি সহ্য করতে পারছিলেন না। একটি কেন্দ্রে টিভি ক্যামেরা দেখেই তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘যেখানে যাচ্ছি, ক্যামেরা আমার পিছু ছাড়ছে না।’সকাল থেকেই শামীম ওসমান বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন জনাপঞ্চাশেক সহযোগী নিয়ে। সবাইকে তিনি কেন্দ্রের ভেতরে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু প্রার্থী কাউকে সঙ্গে নিয়ে কেন্দ্রের ভেতরে যেতে পারেন না। অনেক কেন্দ্রে পুলিশ বাধা দিলে তিনি পুলিশকে গালমন্দ করেন। দুপুর ১২টার পর সিদ্ধিরগঞ্জ এলাকায় নির্বাচনী পর্যবেক্ষক ও পুলিশের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলা হোসেন নামের কাউন্সিলর পদের একজন প্রার্থী সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে বিভিন্নভাবে ভোটারদের ভয়ভীতি দেখান। এ সময় এক পুলিশ কর্মকর্তা তাঁকে নিষেধ করলে ওই কাউন্সিলরের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। সাড়ে ১২টার দিকে শামীম ওসমান ওই কেন্দ্রে গেলে আলা পুলিশের বাধা দেওয়ার বিষয়টি তাঁকে জানিয়ে প্রতিকার চান। এ সময় শামীম পুলিশের কাছে জানতে চান, আলা হোসেনকে কেন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পুলিশ বলে, তিনি কেন্দ্রে ঢুকে ভোটারদের ভয় দেখিয়েছেন। তাই তাঁকে বের করে দেওয়া হয়েছে। তখন শামীম ওসমান ওই পুলিশ কর্মকর্তাকে হুমকি-ধমকি দেন। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজিকে ফোন করে সেটটি ওই পুলিশ সদস্যকে ধরিয়ে দেন। সেখানে উপস্থিত সাংবাদিক ও ফটোসাংবাদিকেরা এগিয়ে গেলে শামীম ওসমান ক্ষুব্ধ হয়ে তাঁদের সরে যেতে বলেন।১২টার দিকে ছয় নম্বর ওয়ার্ডের ছফুরা খাতুন উচ্চবিদ্যালয়কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষক সালমা আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শামীম ওসমান এখানে ভোটারদের প্রভাবিত করছেন। সাংবাদিকেরা এ ব্যাপারে জানতে চাইলে শামীম বলেন, ‘অভিযোগ থাকলে আমার সামনে এসে বলুক।’ এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন চিৎকার করে বলেন, ‘কার এত বড় সাহস!’ভোট চলাকালে আইভীর সঙ্গে দেখা হলেও কোনো কথা বলেননি শামীম ওসমান। বেলা পৌনে ১১টার দিকে শহরের বিবি মরিয়মকেন্দ্রে মুখোমুখি হন দুজন। আইভী গাড়িতে আর শামীম দাঁড়িয়ে ছিলেন। কথা হয়নি।বেলা দুইটার দিকে নারায়ণগঞ্জ ক্লাব ভোটকেন্দ্রের সামনে মূল সড়কে তোলারাম কলেজ ছাত্রলীগ শাখার সহসভাপতি নাজিমুদ্দিনকে মারধর করেন শামীম ওসমান। তাঁর অভিযোগ, নাজিমুদ্দিন বিভিন্ন কেন্দ্রে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয় দেখাচ্ছেন। শামীম ওসমানের সামনেই তাঁর এ অভিযোগের প্রতিবাদ করেন নাজিমুদ্দিন।র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক এম সোহায়েল প্রথম আলোকে জানান, মারধরের পর র‌্যাব ছেলেটিকে উদ্ধার করেছে।ক্লাবের সামনে রাস্তায় দাঁড়িয়ে শামীম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ প্রভাবিত হয়ে আরেক প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করছে। নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না।শামীম ওসমান এত দিন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পক্ষে কথা বললেও কাল তিনি বলেছেন, ইভিএম ঠিকমতো কাজ করছে না। তাঁর অভিযোগ, দেয়ালঘড়িতে ভোট দিলে সেটা পড়ছে দোয়াত-কলম মার্কায়। এ বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, একজন ভোটার এসে তাঁকে এ ধরনের অভিযোগ করেছেন। তিনি নিজে এটা দেখেননি।নারায়ণগঞ্জ ক্লাব থেকে বের হয়ে শামীম চলে যান রাইফেল ক্লাবে। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সরকারি দলের প্রার্থী। আমার হাত-পা বাঁধা। অনেক কিছুই আমি বলতে পারি না। আমি বিশ্বাস করি, আমি জয়ী হব। কিন্তু আজ সারা দিন যা হয়েছে, তা কোনোভাবেই কাম্য ছিল না। পুলিশ প্রশাসন আইভীর পক্ষে কাজ করেছে। আমি সঙ্গে সঙ্গেই জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। সবকিছু এমন সাজানো হবে জানলে আমি কখনোই নির্বাচনে অংশ নিতাম না।’র‌্যাব গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর র‌্যাব সদস্যরা শামীম ওসমানকে তাঁর বাসায় পৌঁছে দেন। তাঁরা তাঁকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এরপর তিনি আর বাসা থেকে বের হননি।