অর্থপাচার মামলায় আরাফাত রহমান কোকোকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা পূর্বনির্ধারিত রায় ও সাজানো মামলা। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা করেছে।অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার কোকোকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। একই সঙ্গে তাঁকে ৩৮ কোটি ৮৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।প্রতিক্রিয়ায় ফখরুল ইসলাম প্রথম আলোকে আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের অনেকের বিরুদ্ধে এ ধরনের মামলা ছিল। সেগুলো খারিজ হয়ে গেছে। কোকোর মামলাটির অভিযোগপত্র ও রায় দ্রুত শেষ করা হয়েছে। এমনকি তাঁর অনুপস্থিতিতে বিচারকাজ হয়েছে। সরকারের উচিত ছিল কোকো দেশে এলে তাঁর উপস্থিতিতে বিচার করা।বিএনপির স্থানী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, এ সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের কাজ করছে। এটা রাজনৈতিক হয়রানি ছাড়া আর কিছুই নয়।