সাজাপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা করা উচিত নয়: মিজানুর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘আগে দেখেছি বাড়ি দখল, চর দখল ও নদী দখল হতে। এখন কক্সবাজার এসে দেখছি সমুদ্র পর্যন্ত দখল হয়ে যাচ্ছে। সমুদ্রসৈকতের ঝাউগাছ কেটে সাবাড় করা হচ্ছে। সৈকতের পাশের পাহাড় কেটে তৈরি হচ্ছে বহুতল ভবন। এই মহাদুর্যোগের বিরুদ্ধে কক্সবাজারবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করতে হবে।’আজ রোববার সন্ধ্যায় কক্সবাজার শহরের জেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় পুলিশ-সিভিল প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক পরিবেশ ও মানবাধিকার সংস্থা এই সভার আয়োজন করে।মিজানুর রহমান বলেন, ‘অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ফৌজদারি অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত হয়, তাদের ক্ষমা করা মোটেও উচিত নয়। তাহলে সামাজিক অপরাধ বৃদ্ধি পাবে।’মিজানুর রহমান বলেন, ‘ঘরের খেয়ে যাঁরা বনের মোষ তাড়াতে পারেন—তাঁরাই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হতে পারেন। এখন অর্থকড়ি কামানোর জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের অভাব নেই। যারা মানবাধিকারের নামে দরিদ্র জনগোষ্ঠীর টাকাপয়সা আত্মসাত্ করে, তাদের আইনের আওতায় আনা হবে। তাই মানবাধিকারের ব্যবসা বন্ধ করা উচিত। আজ আওয়ামী লীগ, কাল বিএনপি, পরশু জামায়াত সমর্থন করে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।’সামাজিক পরিবেশ ও মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আবু সৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তৃতা দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুর রউফ, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) এম এ খালেক খান, কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, স্কুলশিক্ষক শাহনেওয়াজ বেগম প্রমুখ।