সাজাপ্রাপ্ত আসামিদের দেশে এনে রায় কার্যকরের দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যেসব দেশি-বিদেশি রাজনৈতিক ও অন্যান্য শক্তি ছিল তাদের চিহ্নিত করে কমিশন গঠনের মাধ্যমে শাস্তি বিধানেরও দাবি জানিয়েছেন সিপিবির নেতারা।আজ শনিবার পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সরকারের প্রতি এসব দাবি জানানো হয়।সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, বঙ্গবন্ধুর জন্য শুধু তোরণ নির্মাণ করে নয়, তাঁর আদর্শ বাস্তবায়ন করেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে হবে। তিনি সব চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার কার্যকরসহ ’৭২-এর সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।সরকারকে সতর্ক করে দিয়ে মনজুরুল আহসান খান আরও বলেন, বিদ্যুত্, পোশাকশ্রমিকদের দাবি, গ্যাস, পানি, যানজট, দ্রব্যমূল্য নিয়ে জনজীবনের সংকটের মুখে বিক্ষোভ আন্দোলন দমন-পীড়ন করে বন্ধ করা যাবে না। জনজীবনের এসব সংকট মোচনের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এবং ’৭২-এর সংবিধানের প্রশ্নে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে। আর জনজীবনের সংকট মোচনে বাজার অর্থনীতি ও ধনিক শোষণের নীতি ত্যাগ করে গণমুখী নীতি গ্রহণ করতে হবে। নয়তো ষড়যন্ত্রকারীরা আবারও সবকিছু উল্টে দিয়ে ক্ষমতায় চলে আসবে।সভায় বক্তারা সরকারি দলের মধ্যে টেন্ডারবাজ, তোষামোদকারীর দল এবং মোশতাকপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মনজুরুল আহসান খানের সভাপতিতে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিপিবির নেতা শামসুজ্জামান সেলিম, অধ্যাপিকা এ এন রাশেদা, মাহবুব আলম, জাহিদ হোসেন খান, ছাত্রনেতা ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ।