সাজার বিরুদ্ধে আইন-আদালত করে কেটে গেছে সাত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকার একটি আদালত নারায়ণঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী সিমি বানুকে রাস্তায় উত্ত্যক্ত করার অপরাধে এক পুলিশ ও চার বখাটেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় মামলা হয়। তবে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শহিদুল ইসলাম দণ্ডবিধির ১৬৬ ধারায় এসআই আবুল বাসারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। বখাটে মোফাজ্জল, এনায়েত করিম ওরফে দোয়েল, আকিবুর রহমান ওরফে খলিল ও মো. রিপনকে ১৯৭৬ সালের ডিএমপি অ্যাক্টের ৭৬ ধারায় এক বছরের কারাদণ্ড দেন। সিমির বাবা এ রায় মেনে নিতে পারেননি সেদিন। তাই আসামিদের সাজা বৃদ্ধির জন্য জজ আদালতে আপিল করেন। আসামিরা তাঁদের সাজা বাতিলের জন্য আবেদন করেন। যা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গড়িয়েছে। সিমির পরিবার জানে না কবে উচ্চ-আদালতে মামলাটির শুনানি নিষ্পত্তি হবে। আইন-আদালত করেই কেটে গেছে সাত বছর। ২০০১ সালের ২৩ ডিসেম্বর বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে সিমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। সিমির পরিবারকে আইনগত সহায়তা এবং মামলা পরিচালনা করে আসছে বাংলাদেশ মহিলা পরিষদ। মহিলা পরিষদ মনে করে, সেদিন বখাটেরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি বলেই এ ধরণের সামাজিক অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। বখাটেদের অত্যাচার এতটাই বৃদ্ধি পেয়েছে যে, তা প্রতিরোধ করতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে ইভ টিজিংয়ের অপরাধে শাস্তির ক্ষমতা দেওয়া হয়েছে।