পিলখানায় বিদ্রোহের ঘটনায় এক সাজার রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর কাল আদেশ দেওয়া হবে। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ আবেদনের ওপর শুনানি গ্রহণের পর আদেশের এ দিন ধার্য করেন।জানা যায়, পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিচারের জন্য গঠিত চট্টগ্রামের বিশেষ আদালত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নায়েক মো. ইব্রাহিমকে ছয় বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার রায় দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম ২২ মে হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই দিন এর ওপর শুনানি হয়।শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বলা হয়েছে আসামিদের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। এই বক্তব্য সঠিক নয়। কারণ আসামিদের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। ফলে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন—এমন দাবি সঠিক নয়।বিচারের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রতিনিধি থাকবে—এটা বিডিআর আইনেই বলা আছে। আদালতকে আইনি সহায়তা দেওয়ার জন্যই তাঁদের রাখা হয়েছে। তাই অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি রাখায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।এর আগে ২৪ মে আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী এস এম জাকির হোসেন শুনানিতে অংশ নেন।শুনানিতে জাকির হোসেন বলেন, বিশেষ আদালতে আবেদনকারীর শাস্তি হয়েছে। ওই আদালত বাংলাদেশ রাইফেলস অর্ডার-১৯৭২-এর ২(ট) অনুযায়ী গঠিত হয়নি। ওই আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি অন্যান্য প্যানেল বিচারকদের সঙ্গে বসে বিচারকাজে অংশ নিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রতিনিধি কখনো বিচারক হতে পারেন না। সংবিধানের ৪৫ ও ১০২ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান রিট আবেদনটি চলতে পারে।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তত্কালীন বিডিআর সদস্যদের বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।জানা যায়, অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে আইনানুগ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধ্যতা প্রকাশ করে ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের অভিযোগে ইব্রাহিমের সাজার রায় হয়।