সম্বল সুচ আর সুতা। তা নিয়ে খেলে বেড়ায় দুই হাতের আঙুলগুলো। কাঁথা, চাদর, পাঞ্জাবির ওপর আঁকা হয়ে যায় চোখজুড়ানো নকশা। বিনিময়ে মুগ্ধ গ্রাহকেরা যে টাকা দেয়, এতে ভালো আয় হয়। এভাবে ঝিনাইদহের কোটচাঁদপুরের তাসলিমা, রেক্সোনা, নাজমা; মহেশপুরের মনোয়ারা, পাপিয়া স্বামীর অসচ্ছল সংসারে বাড়তি অর্থের জোগান দিচ্ছেন। নিঃস্বার্থভাবে যিনি তাঁদের এই নকশার কাজ শিখিয়েছেন, তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ী রেলগেট পাড়ার উম্মে সালমা ওরফে সাজু (২৮)। তাঁর নকশার জাদু আজ এলাকার অনেক দুস্থ নারীর জীবিকার অবলম্বন।নিজে নিজে শেখা: ফুলবাড়ী রেলগেট পাড়ার সলেমান ভূঁইয়ার মেয়ে সাজু। অষ্টম শ্রেণীতে পড়ার সময় সুচ-সুতার কারুকাজের প্রতি বেশ আগ্রহ সৃষ্টি হয় তাঁর। ওই সময় হাতের কাছে নকশিকাঁথা, কাজ করা পাঞ্জাবি ও চাদর পেলে সাজু তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। সুচ-সুতা নিয়ে চেষ্টা চালাতেন ওই কারুকাজ রপ্ত করার। এভাবে বাড়ির একাধিক চাদরে তিনি আনাড়ি হাতের ছাপ রাখেন। আগ্রহ ও চেষ্টার ফল পাওয়া যায় একপর্যায়ে। ধীরে ধীরে আয়ত্তে এসে যায় সুচ-সুতার নকশা। একপর্যায়ে নকশা বোনায় তিনি পাকা হয়ে ওঠেন। তখন পছন্দমতো বিভিন্ন কাপড়ে সুচ-সুতার কাজ করতেন তিনি।২০০০ সালে এসএসসি পাস করার পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার অজুগড়া গ্রামের ইয়াহিয়া ইসলামের সঙ্গে সাজুর বিয়ে হয়। শিগগিরই শ্বশুরবাড়ির লোকজন তাঁর গুণের খবর জেনে ফেলে। কাঁথা, চাদর, ওড়না, কামিজ ও পাঞ্জাবিতে নকশা তুলতে প্রতিবেশী লোকজন একের পর এক ধরনা দিতে থাকে সাজুর কাছে। সাজু জানান, ওই সময় অনেকের পোশাকে তিনি সুতার কাজ করেন। বিনিময়ে কারও কাছ থেকে টাকা নেননি।২০০৩ সালে স্বামীর ব্যবসার কারণে কোটচাঁদপুরে ফিরে আসেন সাজু। বাবার বাড়িতে থাকতে শুরু করেন দুই মেয়ে ও স্বামী নিয়ে। এখানে সাজুর চারপাশে ভিড় জমাতে থাকে তাঁর গুণমুগ্ধরা। এবার নতুন এক স্বপ্ন উঁকি দেয় তাঁর মনে। এলাকার হতদরিদ্র নারীদের নকশার কাজ শিখিয়ে তাদের স্বাবলম্বী হতে সহযোগিতা করার কথা ভাবেন তিনি।স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়া: স্বপ্ন পূরণে শুরুতে প্রতিবেশী লোকজনের হাতের কাজ শেখাতে শুরু করেন সাজু। বাবার বাড়ির একটি ঘরে চলতে থাকে কাপড়ে সুতার নকশা তোলার প্রশিক্ষণ। আশপাশে এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। পার্শ্ববর্তী ফুলবাড়ী, পারলাট, আলামপুর, সলেমানপুর, বলুহর, দুধস্বরা, বকশিপুর, গুড়পাড়াসহ বেশকিছু গ্রামের তিন শতাধিক নারীকে এ পর্যন্ত এই নকশার কাজ শিখিয়েছেন তিনি। তাঁরা অনেকেই আজ নিজের বাড়িতে বসে কাপড়ে নকশা তুলে বাড়তি আয় করে সংসারের বোঝা লাঘব করছেন। এ জন্য তিনি কখনো ফি বা পারিশ্রমিক নেননি। সাজুর কাছে কাজ শিখে কোটচাঁদপুর সদর ও শহরতলির অন্তত পাঁচ গ্রামের অনেক নারী আজ নিজের বাড়িতে বসে আয় করছেন।সাজুর বাবার বাড়িতে গিয়ে দেখা যায়, একটি কক্ষে তিনজন প্রশিক্ষণার্থী বিভিন্ন কাপড়ে নকশা তোলার কাজ শিখছেন। সুচ-সুতার সূক্ষ্ম কাজ দেখিয়ে দিচ্ছেন সাজু।সাজু জানান, তিনি যেসব নারীকে এই হাতের কাজ শিখিয়েছেন, তাঁরা আজ সবাই এই গুণ কাজে লাগিয়ে দু-পয়সা আয় করছেন। এ কাজের জন্য তাঁদের কাউকে বাইরে যেতে হয় না। তিনি সাধ্যমতো কাজ তাঁদের জোগাড় করে দেন। নকশা তোলার পর যে মজুরি আসে, এর সবটুকু তিনি ওই নারীদের দিয়ে দেন। কাজ জোগাড় করে দেওয়ার জন্য তিনি কোনো আর্থিক সুবিধাও নেন না।উপকারভোগীদের কথা: সাজুর কাছে কাজ শিখে সংসারে বাড়তি আয়ের জোগান দিচ্ছেন, এমন একজন হলেন ফুলবাড়ীর তাসলিমা খাতুন। তিনি জানান, তাঁর স্বামী পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। এ আয় দিয়ে সংসার ঠিকমতো চলছিল না। সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে পারছিলেন না তিনি। তখন সাজু আপার খোঁজ পান তিনি। জানতে পারেন, তাঁর কাছ থেকে হাতের কাজ শেখার পর বাড়িতে বসেই আয় করা যায়। এর পর সাজু আপার সঙ্গে যোগাযোগ করে ছয় মাসে নকশার কাজ শেখেন তিনি। এখন বাড়িতে বসে বিভিন্ন কাপড়ে নকশা করে তিনি আয় করছেন। এ টাকা সংসারে বেশ কাজে লাগছে। সন্তানদের পড়াশোনা চলছে।তাসলিমা জানান, এই কাজ করে মাসে ৬০০ থেকে ৭০০ টাকা আয় হয়। একটি পাঞ্জাবিতে নকশা তুললে ৮০ টাকা, শাড়ির জন্য ৩৫০ টাকা, বিছানার চাদরে ৩৫০ টাকা, নকশিকাঁথায় এক হাজার টাকা পাওয়া যায়। সাজু আপাই তাঁকে সব কাজ এনে দেন। এ জন্য তিনি কোনো টাকা নেন না।অপর উপকারভোগী মনোয়ারা খাতুন জানান, স্বামী সাদিকুল ইসলাম খোঁজখবর নেওয়া বাদ দেওয়ার পর বাবার বাড়িতে খুব কষ্টে দিন কাটছিল তাঁর। বাকপ্রতিবন্ধী মেয়েকে দুবেলা ঠিকমতো খাবার দিতে পারছিলেন না। সাজু আপার কাছে নকশার কাজ শিখে এখন তিনি মাসে প্রায় হাজার টাকা আয় করছেন। এতে তাঁর অভাব অনেকখানি কেটেছে।নাসিমা খাতুন বলেন, সাজু আপা প্রচারবিমুখ বলে তাঁর কর্মকাণ্ড অনেকেই জানে না। এ কারণে বাইরে থেকে তুলনামূলকভাবে কাজ কম আসে। তাঁর এ গুণের কথা ঢালাওভাবে প্রচার পেলে কাজ বেড়ে যেত। এতে তাঁদের আয়ও বেড়ে যেত।কোটচাঁদপুর পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল মাজেদ বলেন, সাজু নিঃস্বার্থভাবে যে কাজ করছেন, তা নিঃসন্দেহে সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে। তাঁর কাছে নকশার কাজ শিখে অনেক নারী স্বাবলম্বী হয়ে আয় করছেন।