সাজেদা চৌধুরীর ব্যাখ্যা দেওয়ার দিন পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে তাঁর ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ১ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।আজ সোমবার সাজেদা চৌধুরীর আইনজীবী আবদুল বাসেদ মজুমদারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা। তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক গত ৫ আগস্ট বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর নজরে আনেন। তখন তিনি ট্রাইব্যুনালে জানান, সাজেদা চৌধুরী বলেছেন, ‘একাত্তরে রাজাকারেরা আইন মেনে নির্যাতন করেনি। কাজেই এত আইন দেখলে হবে না। বসে বসে আইন কপচালে হবে না। আগেই দু-একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন কপচানি বন্ধ হবে।’ এ জন্য তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।ট্রাইব্যুনাল ২৭ আগস্ট এই আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেন। ওই দিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ২৭ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে সাজেদা চৌধুরীর বক্তব্য আদালত অবমাননার শামিল। শুনানি শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ বলেন, ওই বক্তব্যের বিষয়ে সাজেদা চৌধুরীর ব্যাখ্যা জানা প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে তাঁর ব্যাখ্যা জানতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ১০ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে আইনজীবীর মাধ্যমে এ ব্যাখ্যা দিতে বলা হয়। একই সঙ্গে বলা হয়, এ জন্য তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে না।