সাজেদাকে জবাব দেওয়ার নির্দেশ
আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে তাঁর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আইনজীবীদের মাধ্যমে লিখিতভাবে সাজেদা চৌধুরীকে এই ব্যাখ্যা দিতে হবে। তবে এ জন্য তাঁর ট্রাইব্যুনালে হাজির হওয়ার প্রয়োজন নেই। গত ২৭ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি অনুষ্ঠানে সাজেদা চৌধুরী ট্রাইব্যুনালে বিচারাধীন আসামিদের প্রসঙ্গে বলেছিলেন, ‘দুই-একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন কপচানো বন্ধ হবে।’পরে ৫ আগস্ট আসামিপক্ষের প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাক আদালত অবমাননার অভিযোগ এনে সাজেদা চৌধুরীর বিরুদ্ধে একটি আবেদন দাখিল করেন। ওই আবেদনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।