সাজেদার এক দিন
সকাল আটটায় যেতে হয় কাজে। একটু তাড়াহুড়ো করেই তাই ধরাতে হয় চুলো। আগুন আর ধোঁয়ায় চোখ থেকে দূর হয় ঘুম ঘুম ভাব। রান্না শেষে নিজের চার বছরের সন্তান সাজ্জাদুলকে জাগিয়ে তোলেন সাজেদা। নিজের হাতে খাওয়ান ছেলেকে। ছেলেটা মায়ের বুকের ভেতর মাথা রেখে ঘুমের ঘোরেই মুখে তুলে নেয় কয়েক লোকমা ভাত। সারা দিন আর ছেলেকে পান না। ছেলের জন্য মন পোড়ে। তাই এ সময় মায়ের আদর বেড়ে যায় অনেক। স্বামী আর সন্তানকে খাওয়ানোর পরে নিজের খাবারটুকু সঙ্গে নিয়ে বেরিয়ে যান কাজে। বাড়ির কাছেই খরতৈল মসজিদ। সেখান থেকে একটু ডান-বাম করে হেঁটে গেলেই ভিয়ালোটেক্স গার্মেন্টস। গাজীপুরার অনেকেই কাজ করেন এ জায়গায়। ভিড় ঠেলে গার্মেন্টসের ভেতরে ঢুকে একটু হাঁপ ছাড়েন সাজেদা। ভারী যন্ত্রপাতিতে ঠাসা ভেতরটা। একটু সময় নিয়ে সহকর্মীদের সঙ্গে গল্প করতে করতে গুমোট ভাবটা কাটিয়ে ওঠেন তিনি। সাজেদা করেন প্রিন্টিংয়ের কাজ। দক্ষ হাতে কাপড়ের শরীর সাজান নানা রঙে। এ কাজ করছেন প্রায় তিন বছর ধরে। ঢাকায় আসার আগে শৈশবটা কেটেছিল বাগেরহাটে। সাজেদার বাবার বাড়ি সেখানে। বাগেরহাট ছেড়ে ঢাকায় এসে থিতু হওয়ার পর অল্প বয়সেই বিয়ে হয়ে যায় তাঁর। বিয়ে কী, সেটা বোঝার সময়ও পাননি সাজেদা। ব্যস্ত হয়ে পড়তে হয়েছে সংসার নিয়ে। এলাটিং-বেলাটিং, আগডুম-বাগডুম আর পুতুলের খেলাঘর ছেড়ে শুরু করতে হয়েছে নিজের ঘর গোছানোর কাজ। এসবের ভেতরেই স্বামীর পরামর্শ আর সহায়তায় শেখেন প্রিন্টিং। আনাড়ি সাজেদা ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেন বাইরের পৃথিবীর সঙ্গে। হয়ে ওঠেন মানসিকভাবে পরিপক্ব। একই সঙ্গে কাজ আর ঘরের মানুষগুলোকে সামাল দেওয়ার কৌশলগুলো শিখে যান তিনি। বুঝতে পারেন, স্বামী-স্ত্রী একই সঙ্গে কাজ করলে সংসারটাকে চালানো সহজ হয়ে যায়। সাজেদা সাহস পান তাঁর কাজ থেকে। আত্মনির্ভরশীলতা তাঁকে শক্তি জোগায়। কাজের সময় দম ফেলার ফুরসত নেই সাজেদার। একটানা কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে যায়, টেরই পাওয়া যায় না। খাবারের বিরতি পেলেই সহকর্মী, বন্ধুদের নিয়ে খেতে বসেন একসঙ্গে। একজন আরেকজনের পাতে খাবার তুলে দেন, কথা বলতে বলতে হাসতে হাসতে লুটোপুটি খান একজন আরেকজনের ওপর। কত শত কথা! নতুন কেনা চুড়ি, দজ্জাল ননদের কাণ্ড, শাশুড়ির আবদার, স্বামীর অভিমান, সন্তানের পড়াশোনা—কোনো কিছুই বাদ যায় না এ অল্প সময়ের কথায়। খাওয়া শেষে আবার ফিরতে হয় কাজে। মনটা আকুলি-বিকুলি করে বাড়িতে থাকা ছেলেটার জন্য। ছেলেটা বড় হচ্ছে। ছেলেটাকে মানুষ করতে হবে। অনেক বড় চিকিত্সক বানাতে হবে। সন্তানকে নিয়ে হাজারো স্বপ্ন আছে সাজেদার মনে। এসব ভাবতে ভাবতেই কাজ করতে থাকেন তিনি। তাঁর সঙ্গে কাজ করা অনেকের স্বামীই স্ত্রীর বাইরে গিয়ে কাজ করাটা অপছন্দ করেন। তাঁরা চান মেয়েরা সব সময় ঘরে থাকুক। স্বামী আর সন্তানের জন্য রান্নাবান্না করে সময় কাটাক। সেই দিক থেকে সাজেদার কপাল ভালোই বলতে হবে। সাজেদার প্রতি তাঁর স্বামীর কোনো অভিযোগ নেই। সব কাজেই স্ত্রীকে সাহায্য করার চেষ্টাটা থাকে স্বামী আমিনুলের। নিজেকে তাই বড্ড সুখী মনে হয় সাজেদার। সন্ধ্যা নামতেই শেষ হয় কাজ। বাড়িতে ঢুকতেই লাফ দিয়ে কোলে ওঠে তাঁর ছেলে। ভাঙা ভাঙা কথায় সারা দিন কী করল, তারই ফিরিস্তি দেয় মায়ের কাছে। সাজেদা ছেলেকে পড়ানোর জন্য বই নিয়ে বসেন। অ—অজগরটি আসছে তেড়ে, আ—আমটি আমি খাব পেড়ে,...।