সাজেদার বিরুদ্ধে রাজউকের প্লট বরাদ্দের মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে রাজউকের কাছ থেকে প্লট বরাদ্দ পাওয়ার অভিযোগে দায়ের করা মামলাটি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আজ বুধবার দুপুরে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকরের সিদ্দিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাজেদার চৌধুরীর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন।আদালতে সাজেদা চৌধুরীর পক্ষে রোকনউদ্দিন মাহমুদ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে খুরশিদ আলম মামলা পরিচালনা করেন।উল্লেখ্য, ২০০২ সালের ১ আগস্ট তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক (টাস্কফোর্স-১) জালালউদ্দিন আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০০ সালের ২৭ জানুয়ারি সাজেদা চৌধুরী ঢাকা শহরে তাঁর কোনো প্লট বা বাড়ি নেই জানিয়ে তাঁর নামে গুলশানে পাঁচ কাঠার একটি প্লট বরাদ্দের জন্য রাজউকের কাছে আবেদন করেন। সাজেদা ২০০৩ সালের এপ্রিলে হাইকোর্টের কাছে এ মামলাটি বাতিলের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলার কার্যক্রম স্থগিত করে একটি রুল জারি করেন। দীর্ঘ সাত বছর পর ১৮ মার্চ রুলের শুনানি হয়। শুনানি শেষে গতকাল বিকেলে আদালত রায় দেওয়া শুরু করেন। আজ রায় দেওয়া শেষ হয়েছে।