সাটুরিয়ায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষকের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রফিকুল ইসলাম নামের এক শিক্ষককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আকতার এই রায় দেন।পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ১৩ জুন উপজেলার জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। এরপর বিষয়টি ওই ছাত্রী পরিবারকে জানালে গতকাল বিকেলে তার বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সন্ধ্যায় ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে। রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সওগাতুল আলম জানান, কারাদণ্ডাদেশ পাওয়া ওই শিক্ষককে রাতেই কারাগারে পাঠানো হয়েছে।