সাড়ে ছয় হাজার ইয়াবাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ বুধবার সকাল নয়টার দিকে ছয় হাজার ৫৫৬টি ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পৌর এলাকার জালিয়াপাড়ার বাসিন্দা মো. ছিদ্দিক (৪৫) ও আবদুস সালাম (৩৫)। বিজিবি সূত্র জানায়, টেকনাফ সদর বিওপির (চৌকি) বিজিবির জওয়ানেরা মিয়ানমার থেকে নাফ নদীর জালিয়াপাড়া দুই নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে একটি ইয়াবাবড়ির চালান আসার খবর পান। পরে ওই এলাকার বিজিবির কোম্পানি কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে টহল জোরদার করা হয়। এ সময় একটি নৌকা থেকে দুজন লোক বেড়িবাঁধে উঠে এলে তাঁদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছে পলিথিনে মোড়ানো ছয় হাজার ৫৫৬টি ইয়াবা বড়ি পাওয়া যায়। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, জব্দ করা ইয়াবা বড়ির দাম আনুমানিক ২০ লাখ টাকা। আটক দুজনকে পুলিশে সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।