সাড়ে ১১ ঘণ্টা বন্ধ ছিল ফেরি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ ছিল ফেরি। আজ সোমবার আবার ফেরিতে পারাপার শুরু হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে গতকাল রোববার রাত ১১টার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ নদীতে একটি ফেরি আটকা পড়ে। এ ছাড়া আটটি ফেরি পাটুরিয়া ঘাটে ও দুটি দৌলতদিয়া ঘাটে নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে দেড় শতাধিক যাত্রীবাসী বাস, দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক ছোট গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। আর দৌলতদিয়া পারে ৬০০ থেকে ৭০০ গাড়ি আটকা পড়ে আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফউল্লাহ খান বলেন, কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল রোববার রাত ১১টা থেকে আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় রুহুল আমিন ও মেন্ডিস নামের দুটি ফেরি মাঝ নদীতে আটকে ছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।