জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়। এর মধ্যে পাঁচটি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। দুটি অভিযোগে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলাম সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। মানবতাবিরোধী অপরাধের মামলার এটি চতুর্থ রায়।কামারুজ্জামানের বিরুদ্ধে থাকা সাতটি অভিযোগের মধ্যে ১, ২, ৩, ৪ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৩ ও ৪ নম্বর অভিযোগে তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। ১ ও ৭ নম্বর অভিযোগে তাঁকে যাবজ্জীবন এবং ২ নম্বর অভিযোগে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ৫ ও ৬ নম্বর অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি বলে জানান ট্রাইব্যুনাল-২। এ দুটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।প্রথম অভিযোগ: একাত্তরের ২৯ জুন কামারুজ্জামানের নেতৃত্বে আলবদরের সদস্যরা শেরপুরের ঝিনাইগাতী থানার রামনগর গ্রামের বদিউজ্জামানকে অপহরণ ও নির্যাতনের পর গুলি করে হত্যা করে। অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।দ্বিতীয় অভিযোগ: কামারুজ্জামান ও তাঁর সহযোগীরা শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে প্রায় নগ্ন করে শহরের রাস্তায় হাঁটাতে হাঁটাতে চাবুকপেটা করেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাঁকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।তৃতীয় অভিযোগ: ২৫ জুলাই কামারুজ্জামানের পরামর্শে পরিকল্পিতভাবে আলবদর ও রাজাকার বাহিনী পাকিস্তানি সেনাদের নিয়ে শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যাকাণ্ড চালায় ও নারীদের ধর্ষণ করে। অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।চতুর্থ অভিযোগ: কামারুজ্জামানের নির্দেশে আলবদর বাহিনীর সদস্যরা গুলি করে শেরপুরের গোলাম মোস্তফাকে হত্যা ও আবুল কাসেমকে আহত করে। অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।পঞ্চম অভিযোগ: মুক্তিযুদ্ধকালে কামারুজ্জামান ও সহযোগীরা শেরপুরের লিয়াকত আলী ও মুজিবুর রহমান পানুকে অপহরণ ও নির্যাতন করে। অভিযোগটি প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এ অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে। ষষ্ঠ অভিযোগ: একাত্তরের নভেম্বরে কামারুজ্জামানের নির্দেশে আলবদররা টুনু ও জাহাঙ্গীরকে আটকের পর নির্যাতন করে। টুনুকে হত্যা করা হয়। প্রমাণিত না হওয়ায় এ অভিযোগটি থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।সপ্তম অভিযোগ: কামারুজ্জামান ও আলবদরের সদস্যরা ছয়জনকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।