সাত কর্মদিবসের মধ্যে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় কুমিল্লার পৌর কাউন্সিলরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দৌলা আজ বুধবার কুমিল্লার দ্রুত বিচার আদালতে মামলা করার সাত কর্মদিবসের মধ্যে ওই অভিযোগপত্র দাখিল করেন। গত ১০ অক্টোবর যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। সংঘর্ষে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ও দ্রুত বিচার আইনে দুটি মামলা করে। দুটি মামলাতেই ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চার শ ব্যক্তিকে আসামি করা হয়।মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহ্জাহান কবির অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ২০০২-এর ৪(১) ধারামতে অভিযোগপত্র দেওয়া হয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র: কুমিল্লা শহরের ছোটরা এলাকার মো. কামরুল হাসান, চান্দিনা উপজেলার মহিচাইল হাজিবাড়ির মোস্তাফিজুর রহমান, অম্বরপুর গ্রামের সুমন ওরফে রাজীব, সদর দক্ষিণ উপজেলার কনেশতলা গ্রামের আনোয়ার হোসেন, কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকার মোশাররফ হোসেন, মনির হোসেন, শহীদ, দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড়ের মো. জহির, উত্তর চর্থার নওয়াববাড়ি চৌমুহনীর পাভেল, শুভপুরের রকিবুল ইসলাম, আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের সাদ্দাম হোসেন, দক্ষিণ চর্থা থিরা পুকুরের পশ্চিম পাড়ের আরিফুর রহমান, থিরা পুকুরপাড়ের রিপন, একই এলাকার ইয়াছিন, আবুল হাসান, নোয়াখালীর সেনবাগ উপজেলার পশ্চিম থানপুর গ্রামের রুহুল আমীন, কুমিল্লা শহরের ভাটপাড়া এলাকার আশফাকুর রহমান, কালিয়াজুরির কাওসার, উত্তর চর্থার বশির, অমি চৌধুরী, শিক্ষা বোর্ড এলাকার রাজন, রেসকোর্স এলাকার শিল্পী, মুন্সেফ কোয়ার্টারের কাজী জামান, কোরবান, নেহাল, তালতলা চৌমুহনীর পাভেল, সজীব, চকবাজার বালুধূম এলাকার আশিকুর রহমান, হুমায়ুন, বিষ্ণুপুর বাঁশঝাড় এলাকার নাজিম, বিষ্ণুপুর মিস্ত্রী বাড়ির রাসেল, ভাটপাড়ার নাঈম, মো. রিপন হাসান আকতার, ফরহাদ, মৌলভী পাড়ার জিমি, চান্দিনার হারং গ্রামের আরিফ, কুমিল্লা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভাটপাড়া এলাকার বাসিন্দা আকছিরুল, শহরের শুভপুর এলাকার কাউছার, এলিন ও জাকির, চকবাজার তেরিপট্টি এলাকার জাকির। তাঁরা সবাই যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।জানতে চাইলে পৌর কাউন্সিলর আকছিরুল বাশার বলেন, ‘ঘটনার দিন আমি কান্দিরপাড় এলাকায় যাইনি। অতীতে পুলিশের বিরুদ্ধে মামলা করার কারণে পুলিশ আমাকে এ মামলায় আসামি করেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।’ কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘১০ অক্টোবর অস্ত্রবাজির ঘটনা হয়েছে। পুলিশ সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে অভিযোগপত্র দিয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এ মামলার বিচারকাজ শেষ করা হবে।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে। তবে মূল অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে পারেনি। যেভাবে অস্ত্র সরবরাহ: গত ১০ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে অস্ত্র সরবরাহ করা হয় শহরের মুন্সেফ কোয়ার্টার ও চর্থা এলাকা থেকে। মুন্সেফ কোয়ার্টার থেকে অস্ত্র আনা-নেওয়া করেন উলু রাসেল, কোরবান, ইমু, সুজন ও কৌশিক। অন্যদিকে চর্থা এলাকা থেকে অস্ত্র আনা-নেওয়া করেন অমি, টিটু, সজীব, পাভেল, ফরহাদ, কিবরিয়া, শিবলু ও পারভেজ। পুলিশের তদন্তে ওই তথ্য পাওয়া গেছে। পরিদর্শক সৈয়দ আবু মো. শাহ্জাহান কবির প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।