সাত কারখানায় ভাঙচুর, আগুন, সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের কলমা এলাকায় গতকাল সোমবার তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৩০ জন আহত হয়েছেন। এর আগে শ্রমিকেরা অন্তত সাতটি কারখানায় ভাঙচুর ও আগুন দেন। অন্যদিকে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার পাল গার্মেন্টস কারখানার শ্রমিকেরা গতকাল দিনভর বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশসহ কারখানার কর্মকর্তাদের সকাল থেকে বিকেল পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমা এলাকার নাভানা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার কয়েকটি ইউনিট সম্প্রতি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারা কারখানাটি আংশিক স্থানান্তরেরও উদ্যোগ নেয়। শ্রমিকেরা কয়েক দিন ধরে কারখানা স্থানান্তরের প্রতিবাদ ও বন্ধ ইউনিট চালুর দাবি জানিয়ে আসছেন। গতকাল সকাল আটটার দিকে কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মস্থলে এলেও কর্তৃপক্ষ শুধু একটি ইউনিটের কিছু শ্রমিককে কারখানায় ঢুকতে দেয়। পরে অন্য শ্রমিকেরা ভেতরে ঢুকে কর্মরত শ্রমিকদের বাইরে এনে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে সাভার ও আশুলিয়া থেকে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র‌্যাব) সদস্যরা গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা সড়ক না ছাড়ায় একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পাশের হটড্রেস, সিপিএম, নূরজাহান, হরজিন ও তিতাসসহ কয়েকটি কারখানায় ইটপাটকেল মেরে কাচ ভাঙচুর করেন।সোয়া নয়টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা সেঞ্চুরি ডিজাইন অ্যান্ড ফ্যাশন প্রাইভেট লিমিটেড নামের একটি পোশাক কারখানার মূল ফটকে আগুন ধরিয়ে দেন। কারখানাসংলগ্ন শ্রমিক ব্যারাকে ঢুকে অন্তত ১০টি কক্ষে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি শুরু করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। সংঘর্ষ চলাকালে শ্রমিকদের ইটের আঘাতে সাভার থানার ওসি মো. নাসির উল্লাহ এবং পুলিশের লাঠিপেটায় ২৯ জন শ্রমিক আহত হন। ওসি জানান, শ্রমিকদের ছাত্রভঙ্গ করতে পুলিশ ২৫টি ফাঁকা গুলি ছোড়ে।নাভানা টেক্সটাইলের উৎপাদন বিভাগের উপমহাব্যবস্থাপক জামাল উদ্দিন জানান, কাজ কম থাকায় কয়েকটি ইউনিট সাময়িক বন্ধ রাখা হয়েছে।এদিকে আশুলিয়ার পাল গার্মেন্টস কারখানার শ্রমিকেরা জানান, এক সপ্তাহে কারখানার অর্ধশতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রমিকেরা তাঁদের পুনর্বহালের দাবি জানাচ্ছেন। এর মধ্যে গত রোববার সাদ্দাম হোসেন নামে আরেক শ্রমিককে ছাঁটাই করা হয়। সাদ্দাম গতকাল সকাল আটটার দিকে কারখানায় গিয়ে সহকর্মীদের বিষয়টি জানান। এরপর কয়েকজন শ্রমিক কর্তৃপক্ষের কাছে তাঁকে পুনর্বহালের দাবি জানাতে গেলে কর্মকর্তারা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার সব শ্রমিক কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ কারখানার ভেতরে ঢুকলে শ্রমিকেরা কারখানার মূল ফটকে তালা দিয়ে সবাইকে অবরুদ্ধ করেন। পুলিশ কর্মকর্তাকে অবরুদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষ বিকেল তিনটার দিকে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে। পুলিশের প্রতিনিধিও বৈঠকে উপস্থিত ছিলেন। দেড় ঘণ্টা আলোচনার পরও কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। বিকেল সাড়ে চারটার দিকে কর্তৃপক্ষ দুই দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে আগামী বৃহস্পতিবার আবার বৈঠক করার আশ্বাস দিলে শ্রমিকেরা চলে যান।