সাত কিলোমিটার যানজট, মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে ফেরার পথে শত শত গাড়ির চাপে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে গোয়ালন্দ বাজার ছাড়িয়ে দীর্ঘ সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অনেককেই হেঁটে ঘাটে পৌঁছাতে দেখা গেছে। আজ শুক্রবার দুপুরের পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।সরেজিমনে দেখা গেছে, অতিরিক্ত গাড়ির চাপে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড ছাড়িয়ে উপজেলা পরিষদ পর্যন্ত কোথাও এক সারি আবার কোথাও দুই সারি গাড়ির দীর্ঘ যানজট। উপায় না পেয়ে অনেক যাত্রীকেই যে যাঁর মতো ছুটতে দেখা গেছে।ঢাকার মিরপুর এলাকার মোটর কোম্পানির টেকনিশিয়ান শহিদুল ইসলাম বলেন, ‘ঘাটে যানজটের ভয়ে ফরিদপুর থেকে ১০০ টাকা ভাড়া দিয়ে পিকআপে করে রওনা হই। অথচ এই ভাড়া ৩০ টাকা। কিন্তু ঘাটে পৌঁছানোর কোনো অবস্থা নাই। আমাদের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়েছে।’সাকুরা পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক রাজু আহাম্মেদ বলেন, ‘বর্তমানে যে ফেরিগুলো আছে, সবগুলো ঠিকমতো চললে হয়তো এ সমস্যার সৃষ্টি হতো না। যানজটের কারণে গাড়ি ঘাটে পৌঁছাতে পারছে না। উপায় না পেয়ে তিন-চার কিলোমিটার দূরে থাকতেই গাড়িগুলো ফিরে আসছে।’গোয়ালন্দ বাজার পদ্মার মোড় ফিডমিলের কাছে যানজট তদারকিতে ব্যস্ত গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘সম্ভবত ফেরির সংখ্যা কমে গেছে। যে কারণে হঠাত্ করে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজটের অন্যতম কারণ ছোট গাড়ির প্রচণ্ড চাপ পড়েছে।’বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৩টি ফেরি চলাচল করলেও সকালের দিকে ফেরি মতিউর রহমান যান্ত্রিক ত্রুটির কারণে বসে পড়ে। বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে। ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চল থেকে প্রচুর ছোট গাড়ি আসায় যানজটের সৃষ্টি হচ্ছে। একেকটি ফেরিতে প্রায় ৬০-৭০টি করে ছোট গাড়ি পার করেও চাপ কমানো সম্ভব হচ্ছে না।’