সাত কোটি টাকার বাঁধ নির্মাণ শেষ না হতেই ধস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে মাথাভাঙ্গা নদীর তীর রক্ষায় প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্লক বাঁধের কাজ শেষ হওয়ার আগেই ধসের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, নিম্নমানের উপকরণ দিয়ে ব্লক তৈরি ও কাজের মান ভালো না হওয়ায় বাঁধে ধসের সৃষ্টি হয়েছে। এ ধসের জন্য এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট ঠিকাদারদের দায়ী করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে চারটি প্যাকেজের মাধ্যমে বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। প্রথম দফায় চলতি বছরের মার্চ মাসে দৌলাতদিয়াড় সরদারপাড়ায় ৯০০ মিটার অংশের কাজ শুরু হয়। চুয়াডাঙ্গার সিএস জয়েন্ট ভেঞ্চার এক কোটি ৮৭ লাখ টাকা চুক্তিমূল্যে সাড়ে ৪০০ মিটার ও ঝিনাইদহের ইউনিক কনস্ট্রাকশন এক কোটি ৮০ লাখ ৫৮ হাজার টাকা চুক্তিমূল্যে বাকি সাড়ে ৪০০ মিটার বাঁধ নির্মাণ করে। গত ১৫ এপ্রিল ওই নির্মাণকাজ শেষ হয়। দ্বিতীয় দফায় মাথাভাঙ্গা সেতুর উভয় পাশে ৭৭০ মিটার ব্লক বাঁধ নির্মাণের কাজ শুরু হয় গত মে মাসে। চুয়াডাঙ্গার মেসার্স সাইফুল হাসান জোয়ার্দ্দার এক কোটি ৬৪ লাখ টাকায় ৩৮৫ মিটার এবং মেসার্স আবু সাঈদ মো. আহসানুর জামান একই অর্থে বাকি ৩৮৫ মিটার বাঁধ নির্মাণের কাজ পায়। তবে অর্থবছরের শেষ দিন ৩০ জুন পর্যন্ত তারা ৫৭০ মিটার বাঁধের নির্মাণকাজ শেষ করতে পারে। এরপর টানা বৃষ্টি ও বন্যার কারণে বাকি ২০০ মিটারের কাজ শুরুই করতে পারেনি।এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পরপরই দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন ব্লক বাঁধে ভয়াবহ ধস দেখা দেয়। একই সঙ্গে বাঁধের বিশাল অংশ দেবে যায়। দিন দিন ধস ও দেবে যাওয়ার ঘটনা বাড়ছে। সরেজমিনে মাথাভাঙ্গা নদীর তীরে নির্মাণাধীন বাঁধে ভয়াবহ ধস দেখা যায়। দৌলাতদিয়াড় গ্রামের অনেকেই অভিযোগ করেন, ধস ও দেবে যাওয়া অংশগুলোতে ব্লক বসানোর আগে নদীর পাড় বাঁধ নির্মাণের উপযোগী করে প্রস্তুত করা হয়নি। ব্লক নির্মাণে চুক্তি অনুযায়ী উপকরণও ব্যবহূত হয়নি। আর বর্ষা মৌসুমে তাড়াহুড়া করে ব্লক স্থাপন করায় বন্যার পানিতে মাটি ধুয়ে এই বিপর্যয় দেখা দিয়েছে। বাঁধে ভাঙন ও অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঠিকাদার সাইফুল হাসান জোয়ার্দ্দার প্রথম আলোকে জানান, চুক্তির নিয়ম মেনেই ব্লক তৈরি ও বাঁধ নির্মাণ করা হয়। তবে বন্যার কারণে ২০০ মিটার এলাকায় ব্লক বসানো যায়নি। বন্যার পর বাঁধ ধসে ও দেবে যাওয়ার বিষয়টি পাউবোকে জানানো হয়। তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামতের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পাউবোর কর্মকর্তারা বলেছেন, ভাঙন ও দেবে যাওয়ার কারণ নির্ণয় করে প্রয়োজনে পুনর্নির্মাণ করতে হবে। ইউনিক কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক জোয়াদ আলী জানান, পাউবোর নিয়ম মেনে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের উপস্থিতিতেই কাজ করা হয়েছে। মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকল্পের টাকা ফেরত যাওয়ার আশঙ্কায় বর্ষা মৌসুমে কাজ করা হয়েছিল। ধসের বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকিতেই নির্মাণকাজ করা হয়েছে। অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নির্মাণাধীন বাঁধ ধসে যাওয়া এবং এর সমাধান চেয়ে একটি সূত্র জানায়, এলাকাবাসী ধসের বিষয়টি চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দারকে জানিয়েছেন। সাংসদ সংশ্লিষ্ট ঠিকাদার ও পাউবোর কর্মকর্তাদের ডেকে টেকসই প্রযুক্তি কাজে লাগিয়ে পুনরায় বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।