সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাত ঘণ্টা পর ‘গ্রামীণ নিটওয়্যার’ নামের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ওই কারখানায় আজ শুক্রবার সকাল নয়টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ঢাকা, টঙ্গী, ডিইপিজেড, সাভার, ধামরাই ও কালিয়াকৈর—এ ছয়টি স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন সেনাসদস্যরা কারখানার সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে বুলডোজার দিয়ে নিচতলার গুদামের আংশিক ভেঙে সেখান থেকে সুতার রোল বের করে আনছেন। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যান হামিদুল ইসলাম, স্টোর সুপার ভাইসার রনিসহ আরও দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ নিটওয়্যারের চারতলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও সেনা মোতায়েন করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ কারখানাটিতে সাপ্তাহিক ছুটি ছিল। কীভাবে আগুনের সূত্রপাত, তা তিনি জানাতে পারেননি।বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল শহীদুল ইসলাম জানান, ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।