সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ চালু
সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল চালু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ত্রিশাল উপজেলার আউলিয়ানগর রেলস্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে একটি উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনটি লাইনে তুলে দিলে বেলা ১টা ৫৫ মিনিটে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়। ময়মনসিংহের কেওয়টখালী লোকো মোটিভের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী মোহসীন উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে জানান, সকাল পৌনে সাতটার দিকে লোকাল ৫৬ ডাউন ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশনে ঢোকার মুখে এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে এতে কেউ আহত হয়নি। দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেনটি কেওয়টখালী থেকে বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে বেলা ১টা ৫৫ মিনিটে আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার ইনডেনডেন্ট আবুল কালাম আজাদ জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫২ নম্বর কমিউটার ট্রেনটি পৌনে আটটা থেকে এবং একই স্থান থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র ট্রেনটি সোয়া নয়টা থেকে ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা ও কমিউটার ট্রেন দুটি গফরগাঁও স্টেশনে আটকা পড়ে।