সাত ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুট চালু
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টা থেকে আজ সকাল পৌনে সাতটা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় মাঝনদীতে একটি, দৌলতদিয়ায় চারটি ও পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙ্গর করে থাকতে বাধ্য হয়। উভয় ঘাটে আটকা পড়ে সাত শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। একপর্যায়ে সামান্য দূরের কিছু এমনকি বিকন বাতি পর্যন্ত দেখা যাচ্ছিলনা। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া থেকে রাত ১২টায় নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় পাটুরিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ জালাল, খানজাহান আলী, শাহ পরান ও কুমারী নামক পাঁচটি ফেরি যানবাহন নিয়ে নোঙ্গর করে থাকতে বাধ্য হয়। সকাল সাড়ে ছয়টার পর থেকে কুয়াশার পরিমাণ কম দেখে ফেরি চলাচল শুরু হয়। তবে সকাল আটটা পর্যন্ত কুয়াশা থাকায় ঝুঁকির মধ্যেই ফেরি চালাতে হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী ও ব্যবস্থাপক তানভির হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে ফেরি শাহ আলী আটকা পড়ে। এসময় দৌলতদিয়ায় তিন শতাধিক বিভিন্ন যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। সকালে ঘাটে দেখা যায়, ফেরিঘাট থেকে এক নম্বর ঘাট পর্যন্ত যানবাহন এক সারিতে রয়েছে। এর পর থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ কোথাও দুই সারি আবার কোথাও তিন সারি সৃষ্টি হওয়ায় যানজট দেখা দিয়েছে। এসময় পুলিশকে সিরিয়াল ঠিক রাখতে কাজ করতে দেখা যায়। খুলনা থেকে আসা চালক আজমত হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে বাস নিয়ে ঘাটের সিরিয়ালে আটকা পড়ে। প্রায় সারারাত আটকে থাকার পর সকাল নয়টা পর্যন্ত ফেরির সিরিয়াল পায়নি।